সাধ্যের মধ্যে ফ্ল্যাট মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে! ৩,৫০০ আবাসন বানাবে নবান্ন

Published:

Newtown

প্রীতি পোদ্দার, কলকাতা: সকলেরই কম বেশি ইচ্ছে থাকে নিজের বাড়ি বা ফ্ল্যাটের, কিন্তু স্বল্প ইনকামে সেই ইচ্ছা পূরণ করা হয় ওঠে না। তবে এবার সেই ইচ্ছা পূরণের জন্য সাহায্যের হাত বাড়াল রাজ্য সরকার (Government Of West Bengal)। সাধারণের আয়ত্তের মধ্যে ঠাকুরপুকুর থেকে নিউটাউন (Newtown) হয়ে উত্তরবঙ্গ (North Bengal) পর্যন্ত সাড়ে তিন হাজার ফ্ল্যাট তৈরি হতে চলেছে। সকলেই যাতে সাধ্যের মধ্যে ‘মাথার ছাদ’ তৈরি করতে পারে, তার জন্য একাধিক নতুন আবাসন প্রকল্প নিয়ে আসতে চলেছে এই শুভেন্দু অধিকারীর সরকার।

সকলের জন্য নয়া চমক আনলেন আবাসনমন্ত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার, আবাসনমন্ত্রী দীপক বর্মন নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ২০২৭ এর মার্চের মধ্যেই নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে জি প্লাস ফোর আবাসন সম্পূর্ণ হয়ে যাবে। অন্যদিকে ২২ একর জমির উপর ঠাকুরপুকুরের প্রকল্পটি তৈরি হতে চলেছে, ২০২৮ সালের ডিসেম্বর মাসে শেষ হবে এই কাজ। নবান্নের তরফে জানানো হচ্ছে এটিই নাকি সবথেকে বড়ো প্রকল্প। এছাড়াও ডাবগ্রামেও আবাসন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ওই একই সময়ে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প হাতে রয়েছে। কিছুদিনের মধ্যে শিলিগুড়িতে ‘হিমাচলকন্যা’ আবাসনের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হবে।

তিনটি ইনকাম গ্রুপে ভাগ হবে ফ্ল্যাট

নবান্নের তরফে জানানো হয়েছে নিউটাউন অ্যাকশন এরিয়া ২-এ এইচআইজি শ্রেণির জন্য ‘সান-রে হাউজিং প্রজেক্ট’ এর কাজ চলছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়িতে সাত একর জমিও আবাসিক প্লট নির্মাণের জন্য বণ্টন করা হবে। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটা প্রায় সাড়ে তিন হাজার হতে চলেছে। জানা গিয়েছে, তিনটি ইনকাম গ্রুপে ভাগ করেই বিক্রি হবে এই ফ্ল্যাট। যাঁদের মাসিক আয় সর্বাধিক ৪০ হাজার টাকা পর্যন্ত তাঁরা লোয়ার ইনকাম গ্রুপের অন্তর্ভুক্ত এবং ফ্ল্যাট পাবেন মাত্র ৪ হাজার ৫০০ টাকা প্রতি বর্গফুট দরে।

কী বলছেন আবাসন মন্ত্রী?

যাঁরা মিডিয়াম ইনকাম গ্রুপের অন্তর্ভুক্ত তাঁরা ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা প্রতি বর্গফুট পাবেন এবং HIG-র ক্ষেত্রে এলাকা এবং নির্মাণের বিষয় বিচার করে দাম নির্ধারণ হবে। আশা করা যাচ্ছে রাজ্যের এই উদ্যোগের ফলে অনিয়ন্ত্রিতভাবে ফ্ল্যাটের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ন্ত্রণে থাকবে। মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, “খুব শীঘ্রই পুরানো প্রকল্পগুলিতে দীর্ঘদিন অবিক্রিত ফ্ল্যাটগুলি বিজ্ঞপ্তির মাধ্যমে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে বিক্রি করা হবে। এবং ফ্ল্যাট কেনার নিয়মে বদল এনে বসবাসকারী ফ্ল্যাট মালিকদের তাঁদের সংলগ্ন ফ্ল্যাট কেনার সুযোগও দেওয়া হবে।”

আরও পড়ুন: বিকল্প পথে চলবে রাধিকাপুর, হলদিবাড়ি এক্সপ্রেস, বাতিল উত্তরবঙ্গগামী আরও ৮ ট্রেন

এছাড়াও মন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট দীর্ঘমেয়াদি লিজের বদলে শুরুতেই তার মালিকানা বা ফ্রি হোল্ড দেওয়া হবে। আর লিজে দেওয়া পুরানো ফ্ল্যাটগুলির পাকাপাকি মালিকানা দিয়ে দেবে রাজ্য। আবাসন দপ্তরে কর্মসংস্থান নিয়েও বড় আপডেট দিয়েছে আবাসনমন্ত্রী দীপক বর্মন। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই দপ্তরের শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি স্থগিত রাখা ইটভাটাগুলি পুনরায় চালু করে কর্মী নিয়োগ করা হবে। সবমিলিয়ে অন্তত ৬ হাজার কর্মসংস্থানেরও নির্দেশ দেওয়া হয়েছে।