সহেলি মিত্র, কলকাতা: বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ (North Bengal)। প্রবল বৃষ্টিপাত হচ্ছে সেখানে। রাস্তা থেকে শুরু করে রেল লাইনেও নেমেছে ধস। যে কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। তাঁরা বাড়ি কীভাবে ফিরবেন, সেই নিয়ে চিন্তার শেষ নেই। এদিকে এরই মাঝে বহু ট্রেন বাতিল (Train Cancelled) করল পূর্ব রেল। মোট ৮টি ট্রেন আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সেইসঙ্গে কিছু ট্রেনকে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। এক কথায় ভারী বৃষ্টির কারণে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা।
বহু ট্রেন বাতিল করল রেল
আপ লাইনের প্রায় ৮০ মিটার দীর্ঘ রেলপথ হুট করে এক থেকে দু’মিটার বসে যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকেই একের পর এক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছিল পূর্ব রেল। শুক্রবার দিনভর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হলেও খুব একটাই সুরাহা হয়নি বলেই খবর। মালদা ডিভিশনের তিলডাঙ্গা এবং নিউ ফারাক্কার মধ্যে রেললাইনের মাটি ধসে যাওয়ার ফলেই আজ শনিবারেও বহু ট্রেন বাতিল করা হল।
পূর্ব রেলের তরফে জারি করা করা বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তরবঙ্গগামী নিম্নলিখিত ট্রেনগুলি আজ বাতিল থাকবে…
৫৩০২৮ — মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৬৩৪০২ — মালদা টাউন–সাহিবগঞ্জ MEMU
৬৩৪২২ — সাহিবগঞ্জ–আজিমগঞ্জ MEMU
৫৩০৩০ — ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৬৩৪০১ — সাহিবগঞ্জ–মালদা টাউন MEMU
৬৩৪২১ — আজিমগঞ্জ–সাহিবগঞ্জ MEMU
৫৩৪৩৩ — আজিমগঞ্জ–বরহরওয়া প্যাসেঞ্জার
৫৩০২৯ — আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার
আরও পড়ুনঃ “পলক ফেললেই হারিয়ে ফেলবেন”, রেল প্রকাশ করল সবচেয়ে ছোট দুই স্টেশনের নাম
বিকল্প পথে চলবে কিছু ট্রেন
ট্রেন বাতিলের পাশাপাশি রেলের তরফে বেশ কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। যেমন ট্রেন নম্বর ১৩০৫৩ হাওড়া – রাধিকাপুর এক্সপ্রেস আজ ভায়া ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ হয়ে চলবে। সেইসঙ্গে ট্রেন নম্বর ১২৩৬৩ কলকাতা – হলদিবাড়ি এক্সপ্রেস এদিন ভায়া ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ হয়ে চলবে বলে খবর।










