অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways) তাদের বিশাল নেটওয়ার্কের অন্তর্গত দুটি অত্যন্ত ছোট নামের স্টেশনের (Shortest Rail Station Names) কথা তুলে ধরেছে- ওড়িশার ‘ইব’ (Ib) এবং গুজরাটের ‘ওড’ (Od), এই স্টেশনগুলোর নাম মাত্র দুটি অক্ষর দিয়ে গঠিত। রবিবার ভারতীয় রেল তাদের অফিসিয়াল ‘এক্স’ (X)-এ হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে লেখে, “বিশাল নেটওয়ার্ক, অথচ নামগুলো একদম ছোট! ‘ইব’ এবং ‘ওড’ – রয়েছে মাত্র দুটি করে অক্ষর।” এই পোস্টেই দেওয়া একটি গ্রাফিক্সে ‘ইব’ ও ‘ওড’-কে ভারতীয় রেলের ‘সবচেয়ে ছোট নামের স্টেশনগুলোর মধ্যে অন্যতম বলেও উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, চোখের পলক ফেললেই হয়তো এগুলো নজর এড়িয়ে যাবে। আসুন এই স্টেশনগুলির অবস্থান ও অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।
কোথায় অবস্থিত এই দুই সবথেকে ছোট নামের স্টেশন
ইব রেলওয়ে স্টেশনটি (স্টেশন কোড IB) ওড়িশা রাজ্যে অবস্থিত এবং এটি দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর বিভাগের অধীনে পড়ে। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম রেল করিডোর হাওড়া-নাগপুর-মুম্বাই লাইনের টাটানগর-বিলাসপুর অংশে অবস্থান করছে। আরও নির্দিষ্টভাবে বললে স্টেশনটি ঝাড়সুগুড়া এবং ব্রজরাজনগরের মাঝে অবস্থিত। এর রেল স্টেশনটির কাছ দিয়েই বয়ে গেছে ইব নদী, এরই নাম থেকে স্টেশনের এই নামকরণ করা হয়েছে।
এই স্টেশনটি ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয়, যখন বেঙ্গল নাগপুর রেলওয়ের নাগপুর-আসানসোল প্রধান লাইনটি চালু হয়। বর্তমান যে লাইনের ওপর ইব স্টেশনটি অবস্থিত, তা ঝাড়সুগুড়া, রায়গড়, বিলাসপুর সহ প্রধান রেল স্টেশনগুলির সাথে সংযোগ স্থাপন করে এবং বৃহত্তর ট্রাঙ্ক রুটের মাধ্যমে পশ্চিমে নাগপুর ও মুম্বাই এবং পূর্বে টাটানগর ও হাওড়ার সাথেও সংযোগ স্থাপন করে।
আর পড়ুন: বর্ষায় জামা কাপড়ে ধরছে কালো ছোপ ছোপ দাগ? ‘তিলা’ কীভাবে দূর করবেন জানুন
অন্যদিকে, ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরে, গুজরাটের আনন্দ জেলায় ওড রেলওয়ে স্টেশনটি অবস্থিত (স্টেশন কোড হলো OD)। এটি পশ্চিম রেলওয়ের ভাদোদারা বিভাগের অধীনে এবং আনন্দ-গোধরা রেলপথে অবস্থিত। এই রুটটি আনন্দ জংশন এবং গোধরা জংশনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং এই করিডোর বরাবর লোকাল ও মেমু (MEMU) পরিষেবা চালু রয়েছে। আনন্দ জংশনটি আহমেদাবাদ-ভাদোদারা-মুম্বাই করিডোরে সংযোগ প্রদান করে, আর গোধরা জংশন মধ্য ও উত্তর ভারতের দিকে এই রুটের সংযোগ স্থাপন করা।
আরও পড়ুন: ডাক্তার থেকে IAS, সব ছেড়ে গড়েন নিজের কোম্পানি! সেটিও বেচে দিলেন ১,৮৯০ কোটিতে
এই আনন্দ জংশন থেকে ওড প্রায় ১৫ কিমি দূরে অবস্থিত এবং এর নিকটবর্তী স্টেশনগুলি হল ভালেজ ও উমরেথ। দেশের দুটি ভিন্ন প্রান্তে অবস্থিত হলেও, এগুলির নামের মাধ্যমে ইব এবং ওড-র মধ্যে রেল অদ্ভুত এক সংযোগ গড়ে তুলেছে। দুটি স্টেশনেরই নামে রয়েছে মাত্র দুটি অক্ষর, যা এগুলিকে ভারতীয় রেল নেটওয়ার্কের সবচেয়ে ছোট নামের স্টেশন করে তুলেছে।










