বর্ষায় জামা কাপড়ে ধরছে কালো ছোপ ছোপ দাগ? ‘তিলা’ কীভাবে দূর করবেন জানুন

Published:

Mildew Stains on clothes

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকে, যার ফলে কাচা কাপড় শুকনো করতে নাজেহাল হতে হয় গৃহস্থকে। শুধু স্যাঁতস্যাঁতে ভাব বা দুর্গন্ধ তো নয়, কাপড় অনেকক্ষণ ভিজে থাকলে তাতে ছত্রাক বা ফাঙ্গাস বাসায় বাঁধতে পারে। তার ফলে জামাতে কালো, বাদামি ছোপ ছোপ দাগ বা তিলা ধরে যায় (Mildew Stains)। বর্ষাকালে তাই কাপড়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়া, কখনও কখনও পরা পোশাক না কেচে অনেকদিন ফেলে রাখলেও ঘামের কারণে কাপড়ে ছত্রাক বা তিলা পড়তে পারে। কীভাবে দূর করবেন ছত্রাকের এই জেদি দাগ, আসুন জেনে নেওয়া যাক। 

কাপড়ের তিলা দূর করার সহজ উপায়

স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কাচা জামা কাপড়ে তিলা ধরার সমস্যায় অনেকেই জেরবার হন। সাদা কাপড়ের ওপর কালো দাগ ধরলে সেটা বেশি চোখে পড়ে। সাদা পোশাকের তিলা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো ব্লিচ। এরজন্য, এক ভাগ ব্লিচের সাথে তিন ভাগ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। কালো দাগের ওপর মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কাপড় কাচার সাবান দিয়ে ভালো করে ধুতে হবে, যাতে ব্লিচ কাপড়ে না থেকে যায়। তবে মনে রাখবেন, এই পদ্ধতিতে ছত্রাকের দাগ কেবল তখনই দূর করা সম্ভব যদি পোশাকটি সুতির তৈরি হয়। 

যদি পোশাকটি এমন কোনও কাপড়ের তৈরি হয়, যাতে ব্লিচ ব্যবহার যায় না, তাহলে ভিনেগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন। এরজন্য, কটন প্যাড বা তুলো লেবুর রসে ভিজিয়ে দাগের ওপর লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর সামান্য নুন দিয়ে ঘষে তুলে ফেলতে হবে। যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণ রোদে রেখে দিলে ভালো। কারণ সূর্যেরও রশ্মিতেও ব্লিচিংয়ের প্রভাব রয়েছে। এরপর ভালো করে ধুয়ে ফেলতে হবে। তিলা দূর করার ক্ষেত্রে এটি একটি কার্যকরী উপায়। 

আরও পড়ুন: জানেন কেন হোটেলের শ্যাম্পু, সাবান ও লোশনের বোতলগুলো ছোট হয়?

কখনও কখনও জল দেওয়া যায় না এমন কাপড়ে এই ছত্রাকের দাগ লাগলে, তা তুলতে আরও বেশি সমস্যায় পড়তে হয়। এর জন্য, একটি নরম কোট ব্রাশ দিয়ে ঘষে দাগ তোলার চেষ্টা করা যেতে পারে। তারপর সামান্য নুন বা বেকিং সোডা লাগিয়ে রোদে শুকাতে দিতে হবে। হাইড্রোজেন পারক্সাইডও এক্ষেত্রে কার্যকরী হয়, তাই বাড়িতে থাকলে ব্যবহার করতে পারেন। সিল্কের কাপড়ের লাগা তিলার দাগ দূর করতে হাইড্রোজেন পারক্সাইড লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষতে হবে। তারপর একটি হালকা লিকুইড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি কাপড় থেকে জীবাণু বা ছত্রাক ঘরোয়া উপায়ে দূর করতে চান, তাহলে জল ও বোরাক্সের মিশ্রণও ব্যবহার করতে পারেন। তবে, দাগ যদি খুব গাঢ় হয়, তাহলে ড্রাই ক্লিন করানো ছাড়া আর কোনো উপায় নেই। আর এই দাগ যত পুরোনো হবে, এটিকে তোলা তত কঠিন হয়ে পড়বে।

আর পড়ুন: সাদা জামায় কালির দাগ? ঝটফট মুছে ফেলুন এই উপায়ে

কাপড়ে তিলা পড়া রোধ করতে, কাপড়ের ভাঁজে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিতে পারেন। এটি আর্দ্রতা শোষণ করে এবং কাপড়ে ছত্রাক জন্মাতে দেয় না। সূর্যের আলো প্রাকৃতিকভাবে জীবাণু নাশ করে। তাই ব্যবহৃত পোশাক পরার পর রোদে কিছুক্ষণ রেখে দেওয়া ভালো। এতে আর্দ্রতা দূর হয়। দিনের বেলা ঘরের দরজা-জানালা খোলা রাখুন, এতে সূর্যের আলো প্রবেশ করে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করবে। সূর্যের আলো ভিজে কাপড়ের দুর্গন্ধ কমায়। তবে যদি মেঘলা দিন হয়, সূর্যের আলো না থাকে বা ঘরের অবস্থান এমন হয় যেখানে সূর্যের আলো সেভাবে প্রবেশ করে না, সেখানে জামা কাপড় ফ্যানের নীচে মেলে দিন, এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।