বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্টেশনের পর এবার ট্রেনের ভেতরেও কোপ পড়ল হকারদের (Hawker) ভাগ্যে! ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম বড় সম্পদ ট্রেনের ভেতরে অবৈধ কর্মকান্ড বা অনিয়ম যাতে না হয় সেজন্য বিগত দিনগুলির তুলনায় জরিমানা অনেকটাই বাড়িয়েছে রেলওয়ে। আর তারপর থেকেই বিভিন্ন এক্সপ্রেস ও লোকাল ট্রেনগুলিতে কমতে শুরু করেছে অবৈধ হকার এবং ভিক্ষুকদের সংখ্যা। রেলের নিত্যযাত্রীদের একটা বড় অংশের বক্তব্য, রেল কঠোর হতেই ট্রেনগুলিতে অবৈধ হকার এবং ভিখারিদের সংখ্যা কমেছে অনেকটাই। তবে রেলের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন বৈধ হকাররাও!
ট্রেনে দিনদিন কমছে হকার ভিক্ষুকদের সংখ্যা!
বিগত দিনগুলিতে ট্রেনের ভেতরে অবৈধ জিনিসপত্র বিক্রি, বিনা টিকিটে ভ্রমণ, অশোভন আচরণ, নেশা জাতীয় দ্রব্য নিয়ে ট্রেনে ভ্রমণ এমনকি যাত্রীদের সাথে অসভ্যতামি, এমন একাধিক কারণকে সামনে রেখে জরিমানার বিধান কার্যকর করেছে রেল। শুধু তাই নয়, ট্রেনে বিপদজনক বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যায় কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা। ঠিক সেই পরিস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়ার যাত্রীরা।
সুবিধা হচ্ছে যাত্রীদের
হাওড়া থেকে ট্রেন ধরে প্রতিদিন গন্তব্যে পৌঁছতে হয় অসংখ্য যাত্রীকে। তাঁদের মধ্যে থেকেই কয়েকজন জানালেন, সম্প্রতি ট্রেনে নানান অগ্রহণযোগ্য আচরণ এবং কাজকর্মের বিরুদ্ধে রেল জরিমানার মতো কঠিন পদক্ষেপ নেওয়ায় ট্রেনে দিন দিন কমে আসছে অবৈধ হকার এবং ভিক্ষুকদের সংখ্যা। এ নিয়ে এক ট্রেন যাত্রীর বক্তব্য, “আগে অফিস টাইমে ট্রেনে উঠতেই পারতাম না। হকার এবং ভিখারিদের ভিড়ে চলাফেরা করতে সমস্যা হতো। কিন্তু এখন ট্রেনে এই ধরনের লোকেদের সংখ্যা একেবারে নেই বললেই চলে!”
অবশ্যই পড়ুন: হোটেলে ধুতেন প্লেট, এবার সেই ব্যক্তিই হতে পারেন ইস্টবেঙ্গলের হেড কোচ
এ প্রসঙ্গে আরেক মহিলা যাত্রী জানিয়েছেন, “প্রায়শই ট্রেনে হকারদের দাপাদাপি চোখে পড়তো। তবে আজকাল সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। অবৈধ হকারদের বিরুদ্ধে রেলের এমন পদক্ষেপে মোটের উপর আমরা সন্তুষ্ট।” অবৈধ হকারদের রুখতে গিয়ে রেলের এমন পদক্ষেপে মাথায় হাত বৈধ হকারদের একাংশের। এতদিন ট্রেনে নানান পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা হকারদের একাংশের দাবি, রেল হঠাৎ এত ধরপাকড় শুরু করায় যথেষ্ট চিন্তিত তাঁরা। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে হবে! যাত্রীদের সুবিধার্থে সমস্ত পদক্ষেপ নিক রেল তবে তাঁদেরও ব্যবসা করার একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক!










