অনন্যা সরকার, কলকাতা: শ্রেণিকক্ষ ভরা ছাত্রছাত্রী, স্কুল শুরুর ঘণ্টা পড়তেই ক্লাসে ঢুকলেন শিক্ষক বা শিক্ষিকা, হাতে একটি রেজিস্টার। সেই রেজিস্টার দেখে এক এক করে পড়ুয়াদের নাম বা রোল নম্বর ডাকছেন (Student Attendance), আর ক্লাসরুমের বিভিন্ন বেঞ্চ থেকে পড়ুয়ারা উঠে দাঁড়িয়ে ‘উপস্থিত’ বলে তাঁদের উপস্থিতি নিশ্চিত করছে। এ আমাদের কাছে চিরচেনা দৃশ্য। তবে এবার শিক্ষার্থীদের নাম ধরে ডেকে হাজিরা নেওয়ার দিন শেষ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে স্কুলে হাজিরা নথিভুক্ত করার একটি অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করেছে। স্কুল শিক্ষা দফতর একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে, যা ফেসিয়াল রিকগনিশন (Facial Recognition) বা পড়ুয়াদের মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হাজিরার তালিকা তৈরি করবে।
রাজ্যের স্কুলগুলোতে এবার এআই অ্যাপের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত হবে
প্রথম পর্যায়ে, রাজ্যের ১০০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে নির্বাচন করা হয়েছে। পুজোর ছুটির পর স্কুল খুললে এই স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থাটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এটি সফল হয়, তবে আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যের প্রতিটি স্কুলেই এই অ্যাপ্লিকেশনটি কার্যকর করা হতে পারে।
শিক্ষকদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকবে। শ্রেণিকক্ষে প্রবেশের পর, শিক্ষক উপস্থিত শিক্ষার্থীদের একটি ছবি তুলবেন। অ্যাপটির এআই (AI) প্রযুক্তি সেই ছবি বিশ্লেষণ করবে। এরপর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে, ছবিতে থাকা মুখগুলিকে আগে থেকে তৈরি শিক্ষার্থীদের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে প্রতিটি শিক্ষার্থীকে শনাক্ত করবে। এরপরই স্বয়ংক্রিয়ভাবে হাজিরার তালিকা তৈরি হয়ে যাবে।
আরও পড়ুন: পাঁচ দিনেই ফের সুড়ঙ্গ খুঁড়ে পালাল ‘ডুয়ার্সের রানী’, জেরে জারি লাল সতর্কতা
এই ব্যবস্থা কার্যকর করার আগে, প্রতিটি শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করা আবশ্যক। প্রতিটি শিক্ষার্থীর মুখের ছবি ও পরিচিতি সংক্রান্ত তথ্য আগে থেকেই অ্যাপটিতে নথিভুক্ত থাকতে হবে। ফলে, শ্রেণিকক্ষে ছবি তোলার সঙ্গে সঙ্গেই অ্যাপটি বলে দিতে পারবে কোন শিক্ষার্থীরা উপস্থিত আছে এবং কারা অনুপস্থিত।
প্রচলিত নিয়মে হাজিরা খাতায় নাম ডেকে উপস্থিতি নেওয়াটা বেশ সময়সাপেক্ষ ছিল। বিশেষ করে, যেসব শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেখানে সময়ও লাগতো বেশি। এর ফলে পাঠদানের জন্য হাতে কম সময় পাওয়া যেত। শিক্ষা দফতর আশা করছে যে এই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে অনেকটা সময় বাঁচবে। এছাড়া, দৈনন্দিন হাজিরার রেকর্ড ডিজিটালাইজড করার ফলে উপস্থিতির হার ট্র্যাক করা ও অনুপস্থিতির রেকর্ড রাখা অনেক সহজ হবে।










