আনিষা চৌধুরী, কলকাতা: রায়গঞ্জে (Raiganj) নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে (Encounter)। সোমবার ভোরে বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানের সময় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি, অভিযুক্ত প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পাল্টা গুলি চালান আধিকারিকরা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে ছেলের মৃত্যুর খবর পেয়েও বিশেষ বিচলিত নন তাঁর মা। উল্টে ছেলের দেহ দেখতে পর্যন্ত নারাজ তিনি।
ছেলেকে নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে কী বললেন মা?
অভিযুক্তের মা বলেন, “আমার বুক থেকে নেমে গেছে, ভাল হয়েছে।” ছেলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তিনি বলেন, “ছেলে হিসেবে ভাল ছিল না। আমাকে একমুঠো খাবার দেয়নি কোনওদিন। এক টাকাও না। আমার বুক থেকে নেমে গেছে ভাল হয়েছে। আমি এখন বডি দেখতে এসেছি। কী করব, একটাই ছেলে আমার।” ছেলের দেহ বাড়িতে নিয়ে যেতেও রাজি নন তিনি। তাঁর কথায়, “ওর মুখ দেখব না। বাড়িতেও নিয়ে যাব না। আপনারা যা পারে করুন।”
ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন দিলীপের মা। তাঁর দাবি, কোনওদিনই মায়ের দায়িত্ব পালন করেনি দিলীপ। তাঁর দেখাশোনা করা তো দূরের কথা, সংসারের জন্য খাবার কিংবা কোনও টাকাপয়সাও দিত না সে। বরং ছেলের জন্যই জীবনের শেষ বয়সে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। দিলীপের স্ত্রী সম্পর্কেও কোনও মন্তব্য করতে চাননি তিনি। জানিয়েছেন, তাঁরা আলাদা থাকতেন। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রৌঢ়া। তাঁর অভিযোগ, ছেলের ঘটনার জেরে তাঁদের থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এমনকি, তাঁদের উপর লাঠিচার্জও করা হয় বলে দাবি তাঁর।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। দু’দিন পর, ৫ নভেম্বর কুলিক নদীর কাছের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে পুলিশ। দিলীপকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় চার দিন ধরে তাঁর খোঁজ চলছিল। সোমবার গভীর রাতে গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার কাছে তাঁর অবস্থান জানতে পেরে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দিলীপ। সেই সময়ই গুলির লড়াই হয়। তাঁর গুলিতে পুলিশের গাড়ির একটি টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি এক পুলিশ আধিকারিকের।
আরও পড়ুন: সীমান্তে চলবে কড়া নজরদারি, ভারতীয় সেনায় মোতায়েন হল বিশেষ রোবোটিক ডগ
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক মাসে এটি চতুর্থ পুলিশি এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে। রায়গঞ্জের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশ আক্রান্ত হলে আত্মরক্ষায় পাল্টা পদক্ষেপ করতে পারে। তাঁর আরও বক্তব্য, ধর্ষণ ও খুনের মতো অপরাধের ক্ষেত্রে পুলিশকে কড়া পদক্ষেপের স্বাধীনতা দিয়েছে সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।










