সহেলি মিত্র, কলকাতা: বিরাট রেকর্ড গড়ল নীতীশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’ (Ramayana Part 1)। মুক্তির চতুর্থ দিন, সোমবার, ছবিটি ভারতে মোট ৫৬.১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই সময়ে মোট ২১,৭৭০টি শো অনুষ্ঠিত হয়েছে। ভাষা অনুযায়ী, ছবিটি হিন্দিতে ১৭,৭৫৫টি শো থেকে ৩৬.৭৫ কোটি টাকা আয় করেছে। এছাড়াও এটি কন্নড় ভাষায় ৭.২৫ কোটি, তেলুগু ভাষায় ৬.২৫ কোটি, তামিল ভাষায় ৩.১৫ কোটি এবং মালয়ালম ভাষায় ২.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। তবে আপনি কি জানেন, রামায়ণ ভিয়েতনামেও রমরমিয়ে চলছে? হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
‘রামায়ণ’ দেখতে ভিয়েতনামে ভিড় দর্শকদের
আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ভারতীয় সিনেমার। এবার তারই এক ঝলক দেখা গেল ভিয়েতনামে (Vietnam)। সেখানে ভারতীয় সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকরা। বিশেষ বিষয় হল, দর্শকদের বড় অংশই ভিয়েতনামের স্থানীয় বাসিন্দা। রামায়ণ দেখতে সিনেমা হলে ভিড় উপচে পড়েছে ভিয়েতনামের বাসিন্দাদের। যাইহোক, সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি টাকা। ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ ২৮৫.২০ কোটি টাকায় পৌঁছেছে। বিদেশেও ‘রামায়ণ’ ভালো সাড়া পাচ্ছে। মুক্তির চতুর্থ দিনে ছবিটি বিদেশী বাজারে ৪৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে বিদেশে ছবিটির মোট আয় ২১৪ কোটি টাকায় পৌঁছেছে।
সিনেমাটিতে কারা অভিনয় করেছেন?
এখন ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৯৯.২০ কোটি টাকায়। এর মানে হলো, ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার অঙ্ক ছুঁতে আর সামান্য দূরেই রয়েছে। টিকিট বিক্রির কথা বলতে গেলে, চতুর্থ দিনে ছবিটির ২৩,৫৩,৬৬৯টি টিকিট বিক্রি হয়েছে। এদিকে, মুক্তির পর থেকে ছবিটির মোট ৯৩,৪১,৬৯৮টি টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবীর সাথে সানি দেওল, রবি দুবে, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়।
আরও পড়ুন: পাঁচ দিনেই ফের সুড়ঙ্গ খুঁড়ে পালাল ‘ডুয়ার্সের রানী’, জেরে জারি লাল সতর্কতা
সিনেমাটি দেখার জন্য মানুষ কতটা আগ্রহী ছিলেন সেটা ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও দেখলেই বোঝা যায়। সব মিলিয়ে, ভিয়েতনামের প্রেক্ষাগৃহে স্থানীয় দর্শকদের উপস্থিতি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিসর নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।










