প্রীতি পোদ্দার, কলকাতা: হাওয়া অফিসের কথা অনুযায়ী বেশ স্বস্তিতেই কাটল কালীপুজো। কিন্তু সেটা হতে চলেছে সাময়িক। কারণ উৎসবের আনন্দে এবার বাধা হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি। জানা গিয়েছে, মঙ্গলবার (Weather Tomorrow) থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ভাইফোঁটার সময়ও বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
আজ, সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভোরের দিকে হালকা শীত শীত মেজাজ দেখা গিয়েছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখা যাবে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া জলীয় বাষ্পের প্রভাবেই হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি এবং এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, মঙ্গলবার, সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ উৎসবের দিনগুলিতে বৃষ্টি হবে। এদিকে বুধবার, ভাইফোঁটার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
আরও পড়ুন: জলমগ্ন কলকাতা স্টেশন! বদলে গেল একাধিক দূরপাল্লার ট্রেনের সময়
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বিশেষ করে উপকূলবর্তী ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই কোথাও ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে উৎসবের আনন্দে যেমন বৃষ্টি বাগরা দেবে তেমনই উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে আগামীকাল, মঙ্গলবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।










