UNESCO-র নামে দুর্গাপুজো নিয়েও ব্যবসা, টিকিট বিক্রি! সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ

Published:

Indranil Sen

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই ফের প্রকাশ্যে এল বড় অভিযোগ! জানা গিয়েছে ইউনেস্কোর (UNESCO) নামে দুর্গাপুজোর ‘টিকিট বিক্রি’ করায় প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাপক শোরগোল শুরু রাজ্য রাজনীতিতে।

ইউনেস্কোর নামে দুর্গাপুজোর ‘টিকিট বিক্রি’!

তৃণমূল জমানায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল UNESCO। আর এবার সেই সংস্থার নাম ব্যবহার করে বেআইনি ও বিভ্রান্তিকরভাবে খাস কলকাতায় দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির বিরাট অভিযোগ সামনে এল। আর এই কার্যকলাপ চালানোর সরাসরি অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, সোমবার বিকেলে ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় গোটা দুর্নীতির বিরুদ্ধে কলকাতার বৌবাজার থানায় এই অভিযোগ দায়ের করেছেন।

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দায়ের অভিযোগ

অভিযোগকারীদের দাবি, এই বেআইনি টিকিট বিক্রির কর্মসূচিকে এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে মনে হতে পারে এর সঙ্গে সরাসরি UNESCO-র অনুমোদন রয়েছে। কিন্তু আদতে কোনওদিনই এ ধরনের বাণিজ্যিক চুক্তিতে সম্মতি দেয়নি UNESCO। তাঁদের বক্তব্য, ইউনেস্কোর পক্ষ থেকে প্রাপ্ত ই-মেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্র অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু, সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির।

আরও পড়ুন: ১ কোটির তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

আন্তর্জাতিক স্তরের আর্থিক অনিয়মের বিষয়ে গতকালই অভিযোগকারী সংস্থা কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকেও জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে ইন্দ্রনীল বা মধুছন্দার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজারের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এখন দেখার অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।