১ কোটির তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

Published:

Sabyasachi Dutta Arrested

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার গ্রেফতার হলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta Arrested)। জানা গিয়েছে, গতকাল, সোমবার, গভীর রাতে তোলাবাজি সহ হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত বিধাননগর উত্তর থানার পুলিশের (Bidhannagar Police) হেফাজতে রয়েছেন তিনি। গ্রেফতারির আগে নাকি সব্যসাচীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

গ্রেফতার সব্যসাচী দত্ত

প্রাপ্ত রিপোর্ট সূত্রে খবর, গতকাল, অর্থাৎ সোমবার, বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তের বিরুদ্ধে সল্টলেকের এক ব্যবসায়ী অভিযোগ তুলেছিলেন। তিনি নাকি ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা চেয়ে চাপ দিচ্ছিল। এমনকি তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় বাড়ি থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতাকে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে দলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কী বলছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর?

জানা গিয়েছে, আজ সকালে থানা থেকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় সব্যসাচী দত্তকে। মেডিক্যাল পরীক্ষার পরে তৃণমূল নেতাকে হাজির করানো হবে বিধাননগর আদালতে। ওই সময় সাংবাদিকদের সামনে সব্যসাচী ওই ব্যবসায়ীর প্রসঙ্গে বলেন, “তিনি নিজেই বিধাননগর উত্তর থানায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন। বিভিন্ন সময়ে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন। তার পরে ২০১৮ সালে তাঁর পরিবারের লোক এবং এক ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন তাঁকে বের করিয়ে দেওয়ার জন্য।” এখন দেখার এই ঘটনার তদন্তে আর কী কী তথ্য প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: দাম তো বেড়েই ছিল, এবার LPG সিলিন্ডার নিয়ে আরেক দুঃসংবাদ শোনাল সরকার

প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রাক্তন শাসকদলের একাধিক দাপুটে নেতা-জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসা-সহ নানা অভিযোগে তদন্ত ও গ্রেফতারের ঘটনা সামনে উঠে আসছে। গতকালই পুলিশের জালে ধরা পড়ে ছিলেন ফলতার ‘পুষ্পা’ তথা তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গির খান। নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে পাকড়াও করেছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তিনি নাকি নেপাল সীমান্ত হয়ে পালানোর চেষ্টা করছিলেন।