বৃহস্পতির গোচরে পাঁচ রাশির কর্ম ও আর্থিক ক্ষেত্রে উন্নতি, খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার

Published:

Jupiter Transit

অনন্যা সরকার, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে গ্রহের এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা গোচর বিশেষ তাৎপর্য বহন করে। জ্ঞান, সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক দেবগুরু বৃহস্পতি আগামী ৩১ অক্টোবর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে (Jupiter Transit)। জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, এই গোচরটি মোট  ৫টি রাশির জাতক-জাতিকার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। কারও কারও ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান কর্মজীবনে উন্নতি, অর্থনৈতিক লাভ, ব্যবসার প্রসার ও পারিবারিক সুখ বয়ে আনতে পারে। দীর্ঘদিন ধরে থমকে থাকা কাজগুলোর ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বৃহস্পতির গোচরে কোন পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। 

মেষ রাশি: 

বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে আগামী ৩১ অক্টোবর। জ্যোতিষশাস্ত্র মতে, পঞ্চম ঘরটি জাতক-জাতিকার বুদ্ধি, শিক্ষা, সন্তান, প্রেম এবং সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। কর্মক্ষেত্রে নতুন নতুন প্রকল্পে যুক্ত হওয়া এবং নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরি হতে পারে। যারা বর্তমানে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, শিক্ষা, গণমাধ্যম, লেখালেখি, ম্যানেজমেন্ট এবং সৃজনশীল শিল্পকলা – এই ক্ষেত্রগুলোর সাথে যুক্ত ব্যক্তিদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। অতীতের কোনো উদ্যোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুপরিকল্পিত বিনিয়োগ, ব্যক্তিগত সম্পর্কের উন্নতি এবং সন্তানদের সাফল্যের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ লাভের যোগ রয়েছে।

কর্কট রাশি: 

বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘরটি বাকশক্তি, পরিবার, সম্পদ এবং সঞ্চয়ের সঙ্গে সম্পর্কিত। তাই বৃহস্পতির গোচরে কর্কট রাশির জাতক-জাতিকাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার পাশাপাশি, সঠিক আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারে। যোগাযোগ দক্ষতা অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে, ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবেন এবং যাদের সাথে ইতিমধ্যেই ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাদের সাথে সম্পর্ক আরও উন্নত হবে। এসময় পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: ছাদ-বারান্দায় জমেছে শ্যাওলা? ৫ টাকার চুনেই মিলতে পারে সমাধান, জেনে নিন সঠিক উপায়

তুলা রাশি: 

তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। ঘরটি লাভ, আয়, সামাজিক যোগাযোগ এবং স্বপ্ন পূরণের সঙ্গে যুক্ত। তাই চাকরি বা ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধির নতুন পথ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্ল্যাটফর্মের কাজ এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। এছাড়া, পরিচিত মহলের মাধ্যমেও নতুন কোনো পেশাগত সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি: 

ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই গোচরটি রাশির নবম ভাবে ঘটতে চলেছে, যা আধ্যাত্মিকতা, সৌভাগ্য, দূর ভ্রমণ এবং উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত। এই সময় ধনু রাশির জাতক-জাতিকারা নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এবং নতুন কিছু শেখার সুযোগও তৈরি হতে পারে। প্রশিক্ষণ, শিক্ষা, কনসাল্টিং, আইন, লেখালেখি এবং গবেষণার মতো ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান প্রমাণিত হবে। এছাড়া, বিদেশে উচ্চশিক্ষা, তীর্থযাত্রা বা দূরপাল্লার ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকায় মদ খাচ্ছেন স্বামীরা, কাউন্টারে তালা ঝুলিয়ে নদীয়ায় বিক্ষোভ মহিলাদের

কুম্ভ রাশি: 

কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচরটি রাশির সপ্তম ভাবে ঘটবে, যে ঘরটি জীবনসঙ্গী, বিবাহ, ব্যবসায়িক সম্পর্ক ও অংশীদারিত্বের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। তাই এ সময় ব্যবসায় নতুন অংশীদার ও নতুন ডিল আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া, মক্কেল-সংক্রান্ত দিকটি ইতিবাচক হতে পারে। টিমওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কুম্ভ রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলোচনা ইতিবাচক দিকে এগোবে, আর বিবাহিতদের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হতে পারে।

বিঃ দ্রঃ – এই নিবন্ধটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নয় এবং এর মাধ্যমে পাঠকদের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের সুনিশ্চিত পরামর্শ প্রদান করা হচ্ছে না।

google button