প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার বিজেপি সরকারের নয়া চমক, আগত দুর্গাপুজোয় (Durga Puja) এবার কলকাতার আকাশে দেখা যাবে অভিনব ড্রোন শো (Kolkata drone show 2026)। ৩ হাজার ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য এবং কাহিনী। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও সরাসরি যুক্ত করা হবে এই মহোৎসবে। মহালয়া এবং পুজোর আরও দু’টি দিনে আয়োজন করা হবে একাধিক মেগা অনুষ্ঠান। নবান্নের সূত্রে খবর এখন থেকেই শুরু হয়ে গিয়েছে আয়োজনের প্রস্তুতি।
মহালয়ায় ইডেনে মহা আয়োজন
নবান্নে সূত্রে খবর, ইউনেস্কোর স্বীকৃতিকে সামনে রেখে দুর্গাপুজোর বিশেষ সরকারি কর্মসূচির সূচনা হওয়ার কথা মহালয়ার দিন, ১০ অক্টোবর। সেই দিন ইডেন গার্ডেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের (Mahalaya Eden Gardens) পরিকল্পনা করা হয়েছে। রাজ্য সরকারের আয়োজিত মেগা শো-তে ড্রোনের চলাচল, আলো, সঙ্গীত এবং মঞ্চের অনুষ্ঠান সবকিছুকে একসঙ্গে মিলিয়ে দর্শকদের জন্য একাধিক চমকের পরিকল্পনা করা হচ্ছে। মহিষাসুরমর্দিনী, ঢাকের অনুষ্ঠান এবং বাংলার বিভিন্ন লোক ও শাস্ত্রীয় সংস্কৃতির পরিবেশনা থাকবে। অনুষ্ঠানে সামিল হবে জনপ্রিয় শিল্পীরা। আর সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দেশ-বিদেশে।
ড্রোন লাইট শো এর আয়োজন
জানা গিয়েছে, মহালয়ার অনুষ্ঠানে ঢাককে কেন্দ্র করে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও থাকবে ড্রোন লাইট শো। কমপক্ষে ৩ হাজার ড্রোন ব্যবহার করে আকাশে দুর্গাপুজোর বিভিন্ন প্রতীক, ছবি এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। পরিকল্পনা করা হয়েছে যে এই ড্রোন শোর জন্য আলাদা গল্প, স্টোরিবোর্ড, অ্যানিমেশন এবং সঙ্গীতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোরিওগ্রাফি তৈরি করা হবে। তবে এই আয়োজনের আগে DGCA-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তারপরেই পরীক্ষামূলক মহড়ার পরেই চূড়ান্ত ড্রোন শো হবে। জানা গিয়েছে এই মেগা শো তিনদিনের মধ্যে একটি অনুষ্ঠান অষ্টমীকে কেন্দ্র করে হতে পারে, সেখানে ধুনুচি নাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।
চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’
নবান্ন সূত্রে খবর, পুজো উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্য আলো দিয়ে সাজানো হবে। তবে সরকারি কাঠামোয় কেবলমাত্র স্থাপত্যভিত্তিক আলোকসজ্জা করা যাবে। কোনও বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম বা অন্য কোনও উপযুক্ত জায়গায় প্রায় চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’ আয়োজনের পরিকল্পনা করেছে পর্যটন দপ্তর। সেখানে শিল্পী, সেলিব্রিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক দল অংশ নেবে। ঢাক ও ধুনুচি নাচের পাশাপাশি ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং সমকালীন শিল্পকলাকেও তুলে ধরা হবে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি সংগঠন, অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষকে বাংলার দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত করতে অভিনব পরিকল্পনা করেছে সরকার।
আরও পড়ুন: সাধ্যের মধ্যে ফ্ল্যাট মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে! ৩,৫০০ আবাসন বানাবে নবান্ন
দুর্গাপুজোর এই মেগা অনুষ্ঠানে বিদেশের ভারতীয় দূতাবাস এবং মিশনগুলির সহযোগিতা নেওয়া হবে। সাংস্কৃতিক পরিবেশনা কলকাতার মূল অনুষ্ঠানের সঙ্গে লাইভ যুক্ত হতে পারে। এছাড়াও অনুষ্ঠান যাতে মাঝপথে বন্ধ না হয়, তার জন্য প্রতিটি আন্তর্জাতিক কেন্দ্রের ইন্টারনেট সংযোগ, ব্যান্ডউইথ এবং প্রযুক্তিগত ব্যবস্থা আগে থেকে পরীক্ষা করা হবে। সব লাইভ ফিড পরিচালনার জন্য থাকবে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম ঠিক করা হয়েছে। গোটা আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য একটি অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা বাছাই করতে ইতিমধ্যেই রিকোয়েস্ট ফর প্রোপোজাল প্রকাশ করেছে সরকার।










