আনিষা চৌধুরী, কলকাতা: কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধন ঘিরে কালীঘাটে (Kalighat) প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে এক মহিলার বচসার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার, ১৩ অক্টোবর সন্ধ্যায় মমতার বাড়ির কাছে এই অস্বাভাবিক ঘটনা ঘটে। তৃণমূলের (Trinamool Congress) তরফে অভিযোগ করা হয়েছিল, এক মহিলা নাকি ছুরি নিয়ে মমতার দিকে তেড়ে এসে তাঁকে আক্রমণের চেষ্টা করেন। তবে সেই অভিযোগ খারিজ করেছেন কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) অজয় কুমার নন্দ। তাঁর বক্তব্য, মমতার উপর হামলার কোনও প্রমাণ পুলিশ পায়নি। ওই মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুই দেখা করতে এসেছিলেন বলে দাবি করেছেন তিনি।
তাহলে সবটাই ভুয়ো?
কালীঘাটের কাছে মিলন সংঘের দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে এই অভিযোগের সূত্রপাত। তৃণমূল সাংসদ দোলা সেনের অভিযোগ, পুজোর উদ্বোধনে যাওয়ার সময় এক মহিলা মমতাকে ‘পিসি’ বলে সম্বোধন করে তাঁর দিকে এগিয়ে আসেন। ওই মহিলার হাতে ছুরি ছিল এবং তিনি আক্রমণাত্মক আচরণ করছিলেন বলেও অভিযোগ করেন দোলা। এমনকী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই মর্মে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থল থেকেই মহিলাকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের বক্তব্য, ঘটনাস্থলে বচসা হয়েছিল ঠিকই, কিন্তু সেটিকে হামলা বলা চলে না। তদন্তে তাঁরা এমন কোনও তথ্য পাননি।
বুধবার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ জানান, অভিযুক্ত মহিলা কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন এবং গত প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন। এর আগে বলরাম বসু ঘাট এলাকায় তাঁর ডিউটি করার অভিজ্ঞতা ছিল বলেও জানান নগরপাল। তাঁর দাবি, ওই মহিলা মমতা ব্যানার্জিকে চিনতেন, এমনকী তাঁর বাবার সঙ্গেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাকি পূর্বপরিচয় ছিল।
আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
পুলিশ কমিশনারের বক্তব্য, মহিলার এই অদ্ভুত ভঙ্গিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাকে সেখানে উপস্থিত ব্যক্তিরা হামলা বলে মনে করে থাকতে পারেন। অন্যদিকে, তৃণমূলের তরফে ঘটনাটিকে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া মহিলার জামিনও মঞ্জুর করেছে আদালত। কালীঘাটের এই ঘটনাকে ঘিরে অভিযোগ এখনও অভিযোগ তুলছেন মমতাপন্থীরা। কাজেই তাঁদের দৃষ্টিভঙ্গি এবং পুলিশের বক্তব্যের মধ্যে যে এক বিরাট মতপার্থক্য তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।










