সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম থেকে পাহাড়ে যাবেন বলে ভাবছেন? কয়েকদিনের ছুটির সদ্ব্যবহার করবেন বলে ঠিক করেছেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আর চিন্তা নেই, কারণ আবারও নতুন ট্রেন দিয়ে সকলের মন জয় করার চেষ্টা করল পূর্ব রেল। তাও কিন্তু কাছেপিঠে পাহাড় নয়, সুদূর উত্তরাখণ্ড যাওয়ার জন্য ট্রেন দিয়েছে রেল। এপ্রিল থেকে শুরু করে টানা জুলাই মাস অর্থাৎ টানা ৪ মাস বিশেষ ট্রেন চলবে বলে ঘোষণা করেছে পূর্ব। কলকাতা থেকে ট্রেনটি যাবে যোগ নগরী ঋষিকেশ (Kolkata-Rishikesh Train)। চলুন ট্রেনটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
পাহাড় যাওয়ার নতুন ট্রেন দিল রেল
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে নতুন ট্রেন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ নগরী ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার ঋষিকেশ থেকে ছেড়ে যাবে এবং ৩৩.৩৫ ঘণ্টা পর সেটি কলকাতা স্টেশনে ঢুকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গত ১৭ এপ্রিল থেকে নতুন ট্রেনটির পরিষেবা শুরু হয়েছে। এটি চলবে আগামী ১০ জুলাই ২০২৬ অবধি।
ট্রেনের সময়সূচী ও স্টপেজ
এবার আসা যাক বিশেষ ট্রেনটির সময়সূচী এবং স্টপেজ সম্পর্কে। জানা গিয়েছে, ট্রেন নম্বর ০৪৩১২ যোগ নগরী ঋষিকেশ প্রতি শুক্রবার রাত ২২:২০ নাগাদ ছাড়বে এবং ৩৩.৩৫ ঘণ্টা পর কলকাতা স্টেশনে ঢুকবে সকাল ৮টা নাগাদ। এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৪৩১১ কলকাতা-যোগ নগরী ঋষিকেশ স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার কলকাতা স্টেশন থেকে দুপুর ১৩:৫৫ নাগাদ ছেড়ে যাবে এবং পরের দিন রাত ২৩:৩০ মিনিটে ঋষিকেশ স্টেশনে ঢুকবে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা পর্ষদের, জানুন তারিখ
কলকাতা-ঋষিকেশ ট্রেনের রুট ও ভাড়া।
স্টপেজ সম্পর্কে বললে, ট্রেনটি উভয়পথ চলাচলের ক্ষেত্রে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল অর্থাৎ পূর্ব রেলের ডিভিশনের অন্তর্গত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে হল্ট বা স্টপেজ দেবে। ট্রেনটিতে নন এসি স্লিপার ক্লাস এবং এসি কামরা উপলব্ধ থাকবে। আপনি ট্রেনের টিকিট রেলের বিভিন্ন অ্যাপ থেকে কেটে নিতে পারেন। ভাড়ার কথা বলতে গেলে, ট্রেনটি কলকাতা থেকে ঋষিকেশ অবধি যেতে স্লিপার ক্লাসে ৮৪৫, থার্ড এসি ক্লাসে ২১০০ ও সেকেন্ড এসি ক্লাসে ২৯০০ টাকা ভাড়া নেবে।










