আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি কলকাতায় ঘটা অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকটি আবাসিক হোটেল সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলস্বরূপ বিভিন্ন কারণে যেমন চিকিৎসা বা অন্য কোনও কাজে কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই পরিস্থিতি এড়াতে আগে থেকে হোটেল (Kolkata Hotel) বুকিং নিশ্চিত না করে কলকাতায় না আসার পরামর্শ দিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশি নাগরিকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
হোটেল খোলা রয়েছে কি না, আগে জেনে নেওয়ার পরামর্শ
উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু ঝুঁকিপূর্ণ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত নিরাপত্তা যাচাই করার পর ওই হোটেল ও রেস্তোরাঁগুলি আবার চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে কলকাতায় এসে হঠাৎ থাকার জায়গা না পেয়ে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
এই কারণে বাংলাদেশি নাগরিকদের কলকাতায় আসার আগে হোটেল বুকিং করে নেওয়ার পরামর্শ দিয়েছে উপহাইকমিশন। শুধু বুকিং করলেই হবে না, যে হোটেলে থাকার পরিকল্পনা রয়েছে সেটি বর্তমানে খোলা আছে কিনা এবং সেখানে ঘর পাওয়া যাচ্ছে কিনা, তাও আগে থেকে জেনে নিতে বলা হয়েছে। হোটেলের অবস্থান সম্পর্কেও আগেই পরিষ্কার ধারণা করে নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় রুপির শক্তিবৃদ্ধি, বাংলায় বন্যা পরিস্থিতি…! আজকের সেরা ১০ খবর (৪ সেপ্টেম্বর)
চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগীদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোগীর সঙ্গে যাঁরা আসবেন, তাঁদের সফরের আগেই থাকার জায়গা ঠিক করে নিতে বলা হয়েছে। পাশাপাশি যে হোটেলে বুকিং করা হয়েছে, সেখানে সত্যিই ঘরটি বুক হয়েছে কি না, বুকিং ঠিক রয়েছে কি না, হাসপাতাল থেকে হোটেলটি কতটা দূরে এবং সেখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে কি না, সে বিষয়গুলিও আগে থেকে দেখে নিতে বলা হয়েছে। হঠাৎ কলকাতায় এসে থাকার জায়গা নিয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই সতর্কতা জারি করেছে বাংলাদেশ উপহাইকমিশন।









