সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ সেপ্টেম্বর, শুক্রবার। ভারতীয় রুপির শক্তিবৃদ্ধি, বাংলায় বন্যা পরিস্থিতি, অতিরিক্ত বাস ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শিক্ষক ও অভিভাবকদের PM eVidya অ্যাপ ব্যবহার করার নির্দেশ
শিক্ষক এবং অভিভাবকদের জন্য নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। পঠনপাঠনকে ডিজিটাল করতে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এবার প্রত্যেক শিক্ষক ও অভিভাবকদের মোবাইলে পিএম ই-বিদ্যা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এমনকি প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পঠন-পাঠন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য থাকবে এই অ্যাপে। এছাড়া বাংলা সহ অন্যান্য ভাষা যুক্ত থাকবে। প্রশিক্ষণের জন্য ট্রেনিং মডিউলও দেওয়া হবে এতে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে অতিরিক্ত বাস ঘোষণা সরকারের
উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে বন্ধ হয়েছে ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। তবে এরই মধ্যে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের পরিবহন দফতর। কলকাতা থেকে উত্তরবঙ্গ রুটে চালু হল একাধিক অতিরিক্ত বাস পরিষেবা। কলকাতা – শিলিগুড়ি রুটে ২৩টি অতিরিক্ত বাস পরিষেবার জন্য নামানো হয়েছে। এছাড়া মালদহ পর্যন্ত চলা বাসগুলিকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হবে। শিলিগুড়ি – কলকাতা রুটে কলকাতার উদ্দেশ্যে আবার অতিরিক্ত ১২টি বাস যুক্ত করা হয়েছে। তাছাড়া বালুরঘাট রুটেও অতিরিক্ত বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর খালি করার নির্দেশ দমকলের
পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। তাদের অভিযোগ, অভিষেকের ওই দফতরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ম মানেনি। জনগণের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি যত দ্রুত সম্ভব ওই ভবনের ৭ এবং ৮ নম্বর ফ্লোর খালি করার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে দমকল। কিছুদিন আগেই পুলিশসহ ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা দিয়েছিল কলকাতা পুরসভা। তারপর হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন অভিষেক। কিন্তু মেলেনি স্বস্তি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) আয়ুষ্মান কার্ডে বাঁচল পশ্চিম মেদিনীপুরের যুবকের প্রাণ
পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এমনকি এই কার্ডে চিকিৎসা সহায়তা পাওয়াও শুরু হয়েছে। তবে আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়েছে পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দার। ১৯ আগস্ট ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দা শ্রীনাথ সোরেন কেওয়াইসি-র জন্য তাঁর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তবে পরের দিন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হলে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে বলে চিকিৎসকরা জানান, এবং দ্রুত অপারেশন প্রয়োজন পড়ে। তবে দ্রুত বিজেপির নেতৃত্বদের সহায়তায় আয়ুষ্মান কার্ড অনুমোদন করা হয় এবং ২২ আগস্ট একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর সফল অস্ত্রোপচার হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মিঠুন চক্রবর্তীর কাঁধে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মিঠুন চক্রবর্তীকে এবার বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে মিঠুন চক্রবর্তীর সহ অন্যান্য অভিনেতারাও ছিলেন। তবে এদিন মঞ্চ থেকে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁর সরকার মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার বা সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সম্মানিত করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) গঙ্গার জলোচ্ছ্বাসে ভাঙল ভূতনির বাঁধ
গঙ্গার জল বেড়ে মালদহে বন্যা পরিস্থিতি। মানিকচক ব্লকের ভূতনি চত্বরে ভেঙে গেল বাঁধ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে গঙ্গার জলোচ্ছ্বাসে ওই বাঁধ ভেঙে পড়তেই জল ঢুকতে শুরু করেছে ভূতনিতে। এমনকি সেই ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আশেপাশের ঘরবাড়ি সহ চাষের জমি তলিয়ে গিয়েছে। আপাতত ভরা গঙ্গার মধ্যে বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করছেন। তবে উত্তর চন্ডিপুর এবং দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা যাতে প্লাবিত না হয়, সেই জন্য ময়দানে নেমেছে সেচ দফতরের আধিকারিকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) হাওড়ার দুই গুরুত্বপূর্ণ রাস্তায় নিষিদ্ধ হল টোটো চলাচল
রাজ্যে টোটো বন্ধ করা নিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের। ইতিমধ্যেই জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে হাওড়ার দুটি প্রধান রাস্তা জিটি রোড এবং ফোরশোর রোডে টোটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। আসলে এই দুটি রাস্তা হাওড়া শহরের জন্য গুরুত্বপূর্ণ এবং জনবহুল। প্রতিদিন এই সড়কগুলো দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে। বৃহস্পতিবার থেকে এই দুই রাস্তায় নিষিদ্ধ করা হয়েছিল টোটো চলাচল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পুরুলিয়া-তারাপীঠ নতুন এসি বাস পরিষেবা
এবার পুরুলিয়ার রঘুনাথপুর থেকে তারাপীঠ পর্যন্ত নতুন বাস পরিষেবা শুরু হল। এই বাসটি বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম এই তিনটি জেলাকে কভার করবে। এর ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। পুরুলিয়ার রঘুনাথপুর বাসস্ট্যান্ড থেকে ভোর ৬:১৫ মিনিটে এই বাসটি ছাড়বে এবং সেদিন দুপুর ১২:০০টা নাগাদ তারাপীঠে ঢুকবে। ফিরতি পথে দুপুর ২:৩০ মিনিটে তারাপীঠ থেকে ছাড়বে আর পুরুলিয়ার রঘুনাথপুর বাসস্ট্যান্ডে ঢুকবে রাত ৮:৩০ মিনিট নাগাদ। বাসটি ভায়া গড়পঞ্চকোট, দিশেরগড়, নিয়ামতপুর, শর্বরী মোড়, আসানসোল বাইপাস, কালিপাহাড়ি মোড়, রাণীগঞ্জ মোড়, দুর্গাপুর সিটি সেন্টার ইত্যাদি রুট হয়ে চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ডলারের বিপরীতে শক্তি দেখাল ভারতীয় রুপি
ডলারের বিপরীতে শক্তি প্রদর্শন করল ভারতীয় রুপি। বিগত দুই মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে টাকার দাম। বৃহস্পতিবার দিনের শুরুতে ডলার পিছু লেনদেন দাঁড়িয়েছিল ৯৪.৮৭ রুপিতে। এমনকি এটি রুপির সবথেকে শক্তিশালী স্তর। গত ২৯ জুনের পর বুধবার ৯৪.৯৮ রুপিতে লেনদেন শেষ হয়। তবে বর্তমানে ৯৪ এর স্তরকেই সবথেকে শক্তিশালী হিসেবে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলার এবং রুপির বিনিময় হার ৯৪ এর নিচে অবস্থান করলে রফতানিকারকরা আরও হেজিং বাড়াতে পারবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ‘বন্দে মাতরম’ না গাইলে মিলবে না স্কুল অনুদান
এবার বন্দেমাতরম না গাইলে দেওয়া হবে না অনুদান। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষার আলো থেকে যাতে কেউ বঞ্চিত না হয় এবং এই ব্যবস্থায় যাতে কোনও বৈষম্য না থাকে, তারই বার্তা দিয়েছেন এদিন তিনি। তিনি জানিয়েছেন, এই সরকার রাষ্ট্রবাদী সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামীজীর ভাবধারাকে সামনে রেখে এগোবে। ধীরে ধীরে কোনও মাদ্রাসা এডুকেশন সিস্টেম রাজ্যে চলবে না। সব বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা দফতর দেখবে, আর আলিয়া বিশ্ববিদ্যালয় আলাদা করে দেখা হবে এসব চলবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










