দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর খালি করার নির্দেশ দিল দমকল

Published:

Abhishek Banerjee Camac Street

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) দপ্তর খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দমকল বিভাগ। দমকল বিভাগের অভিযোগ, অভিষেকের ওই দপ্তর অগ্নিনির্বাপন ব্যবস্থার সমস্ত নিয়ম মানেনি, যার ফলে সেটি বর্তমানে জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর ঠিক সেই কারণেই যত দ্রুত সম্ভব ওই ভবনের সাত এবং আট নম্বর ফ্লোর খালি করার নির্দেশ দিয়েছে দমকল। চিঠি পাঠানো হয়েছে মালিককে।

অভিষেকের দপ্তর খালি করার নির্দেশ

কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের মূল ভবনের অফিসে পুলিশ সহ গিয়েছিল কলকাতা পুরসভা। মূলত তৃণমূলের হোডিং করার জন্যই গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। যা নিয়ে অভিষেক এবং তাঁর অনুগামীদের সাথে কয়েক দফা বচসা হয় পুলিশ এবং পুরসভার আধিকারিকদের। পরবর্তীতে অভিষেকের অনুগামীদের কয়েকজনের বিরুদ্ধে পুলিশকে মারধর করারও অভিযোগ উঠেছে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নিয়ে বর্তমানে মামলা চলছে। আর সেই ঘটনার পরপরই এবার অভিষেকের দপ্তর খালি করার নির্দেশ জারি করে ভবনের মালিককে সরাসরি চিঠি দিল পশ্চিমবঙ্গ দমকল বিভাগ। দমকল বিভাগের তরফে জানানো হয়, ওই ভবনের সপ্তম এবং অষ্টম তলায় অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়ম মানা হয়নি। সে কারণেই মালিক এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। তবে ভাড়াটিয়ারা যথাসময়ে হাজিরা দিলেও মালিকপক্ষ উপস্থিত হননি।

 

আরও পড়ুন: সল্টলেকের মতোই মেদিনীপুরের মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুৎ, অর্থ বরাদ্দ রাজ্য সরকারের

দমকল এও জানিয়েছে, ভাড়াটিয়াদের সাথে কথা বলে তাঁরা জানতে পেরেছেন ভবনে অগ্নি নির্বাপন সংক্রান্ত ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব মালিকের হাতে। এদিকে অগ্নি নির্বাপন সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ ফুরিয়ে গিয়েছে গত আগস্ট মাসে। এমতাবস্থায়, সেই শংসাপত্র পুনর্নবীকরণ করার আবেদন জানানো হলেও মালিকপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঠিক সে কারণেই ভবনটির সাত এবং আট তলা জনসাধারণের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই দ্রুত সেই ভবন খালি করতে হবে। এর আগে অভিষেক জানিয়েছিলেন, তাঁরা নির্দিষ্ট ভাড়া দিয়েই ওই কার্যালয় চালাতেন।