গড়িয়াহাটের ফ্লাইওভারের রং তুলছে প্রশাসন! দুর্ঘটনার দায় কার? প্রশ্ন কুণাল ঘোষের

Published:

Chingrighata Flyover

প্রীতি পোদ্দার, কলকাতা: গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভারে (Chingrighata Flyover) রঙের বিতর্ক বাড়তেই এবার নেওয়া হল কড়া পদক্ষেপ। রঙিন ফ্লাইওভারে বাইকের চাকা স্কিড করার দুর্ঘটনার পরেই গড়িয়াহাটের (Gariahat Flyover) রং তোলার কাজ শুরু করল প্রশাসন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে। এমতাবস্থায় রং বিতর্ক নিয়ে সরব হলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh on Flyover Paint)। এই দুর্ঘটনার দায় কার, সেই নিয়ে প্রশ্ন তুললেন সরাসরি।

ব্রিজ রঙে বাড়ছে দুর্ঘটনা

রাজ্যে ক্ষমতার রদবদল হতেই শহরকে সাজানোর জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। দুর্গাপুজো উপলক্ষে গঙ্গার ঘাটগুলিকে সাজিয়ে তোলা হয়েছে, শুধু তাই নয়, পুজোর আগে শহর সুন্দর করার জন্য রাস্তার উপর আলপনা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ব্রিজও রং করা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল চিংড়িঘাটা ফ্লাইওভার এবং গড়িয়াহাট ব্রিজ। কিন্তু সেই রঙেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি চিংড়িঘাটা ব্রিজের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে বাইক চালকরা বৃষ্টির সময় এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় রঙের উপর স্লিপ করে দুর্ঘটনার কবলে পড়ছে।

ব্রিজ রং নিয়ে প্রশ্ন তুললেন কুণাল

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে থাকে বিরোধীরা। এমতাবস্থায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এই প্রসঙ্গে এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভারের রং তোলা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন যে, “অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।” রঙের কারণে যদিও গড়িয়াহাট ফ্লাইওভারের এখনও কোনও দুর্ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: অন্ডালে বিশেষ চাহিদাসম্পন্নদের দিয়ে পুজো উদ্বোধন, মানবিক উদ্যোগ বিজেপি বিধায়কের

চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, ফ্লাইওভার রং করার জন্য তেল রঙ নয় বরং অ্যান্টি-স্কিড রঙ ব্যবহৃত হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে তারপরও কীভাবে চাকা স্কিড করল। এদিকে গড়িয়াহাট ফ্লাইওভারে দেখা গিয়েছে, রংয়ের বেহাল দশা, বৃষ্টিতে ভিজে রং বিভিন্ন জায়গায় ফুলে গিয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াবার জন্য চিংড়ি ঘাটা ফ্লাইওভারে বসানো হয়েছে হলুদ রঙের ফাইবার ব্লক। তবে এখনও গড়িয়াহাট ব্রিজের উপরে কোন ফাইবার ব্লক বসানো হয়নি।

google button