বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অভিযোগ উঠেছিল, লেকটাউনে তৈরি লিওনেল মেসির 70 ফুটের মূর্তিটি হাওয়ায় দুলছে (Lionel Messi Statue)। মূলত নিরাপত্তার আশঙ্কা থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয়রা। অনেকেই মনে করেছিলেন, সল্টলেক স্টেডিয়ামের সামনে থাকা বিদঘুটে মূর্তির মতোই মেসির এই মূর্তিটিও ভেঙে ফেলবে রাজ্য সরকার। তবে তেমনটা হচ্ছে না। বরং লিওনেল মেসির মূর্তি মেরামতের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এ নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর। জানা যাচ্ছে, মূর্তিটি অক্ষত অবস্থায় মাটিতে নামিযয়ে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তাই আপাতত মূর্তিটিকে জায়গায় রেখেই মেরামত করা হবে।
মূর্তি মেরামতের কাজ শুরু হয়েছে
গত বছর অর্থাৎ ডিসেম্বরে শহরে পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবলারের আগমনে উদ্বোধন করা হয়েছিল লেকটাউনের সুবিশাল মেসি মূর্তি। আর এই মূর্তি তৈরির দায়িত্ব ছিল সুজিত বোস এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেসির মূর্তি তৈরিতে বেনিয়াম হয়েছে। ওই মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেননি উদ্যোক্তারা। শুধু তাই নয়, ওই মূর্তি তৈরির ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন অনেকেই।
এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, অল্প হাওয়াতেই দুলে উঠছে 70 ফুটের মেসি মূর্তি। যার ফলে মূর্তিটির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অর্থাৎ পথ চলতি মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লেকটাউনের বাসিন্দারা। মনে করা হয়েছিল, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বড়সড় দুর্ঘটনা এড়াতে মূর্তিটিকে ভেঙে ফেলা হতে পারে। কিন্তু সেই পথে হাঁটছে না সরকার।
জানা যাচ্ছে, গত মঙ্গলবার রাত থেকেই ওই মূর্তিটি মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। এই মুহূর্তে মূর্তিটিকে শাল, বল্লা দিয়ে ঘিরে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “মেসির মূর্তিটি হাওয়ায় দুলছে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে। পূর্ত দপ্তরের জায়গা একেবারে দখল করে কোনও রকম অনুমতি ছাড়াই বেআইনিভাবে ওই মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তিটিকে সরিয়ে নিয়ে অন্য কোনও পার্কে বসানোর অনুমতি দিয়েছি। বিরাট পেডেস্টাল বানানো হয়েছিল সেটা ভাঙা হবে। তবে মুক্তিটি যাতে নষ্ট না হয় সেই দিকে নজর রাখতে হবে।”
অবশ্যই পড়ুন: ফের টানা ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কবে? বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের
জানা গিয়েছে, মন্ত্রীর নির্দেশের পরই জোর কদমে চলছে কাজ। কয়েকটি সূত্র মারফত খবর, এখনই মূর্তির পাশের অংশ ভাঙা হবে না। প্রাথমিকভাবে মূর্তিটির পেডেস্টাল আলাদা করা হবে। এরপর ধাপে ধাপে মূর্তিটিকে পুরোপুরি মেরামত করে যথাযথ জায়গায় বা পার্কে সরিয়ে ফেলা হতে পারে। গোটা বিষয়ে কড়া নজর রাখছে রাজ্য সরকার। আর যাই হোক, এই মূর্তি তৈরির জন্য বারবার দাবি জানিয়ে এসেছিলেন শহরের ফুটবলপ্রেমীরা। তাই মূর্তিটির যাতে কোনও ক্ষতি না হয় সেটাই নিশ্চিত করবে পূর্ত দপ্তর।










