ফের টানা ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কবে? বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

Published:

Vidyasagar Setu

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ। সেই মর্মে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে স্পষ্ট করে জানানো হয়, আগামী 31 মে, রবিবার দিনটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কারণেই সেটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতুটি। ফলে এই সময়ে সেখান থেকে কোনও যানবাহন যাতায়াত করতে পারবে না।

কতক্ষণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি বিজ্ঞপ্তিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুটির চূড়ান্ত রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর দুটো পর্যন্ত ওই সেতু দিয়ে কোনও রকম যান চলাচল হবে না। অর্থাৎ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতুটি। জানা গিয়েছে, সরকারিভাবে এই সময় ওই বিদ্যাসাগর সেতুর বিভিন্ন অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। শুধু তাই নয়, সেতুর কোনও অংশ ক্ষতিগ্রস্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবেন দায়িত্বরত কর্মীরা।

সূত্রের খবর, এদিন দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুর হোল্ডিং ডাউন থেকে শুরু করে গোটা সেট, কেবল এমনকি বিয়ারিং এর মতো বিষয়গুলিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। মূলত সে কারণেই এই সময় সেতু দিয়ে যাওয়া কোনও গাড়িকেই এগোতে দেওয়া হবে না। বরং যান চলাচলে নিয়ন্ত্রণ করে গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

জানা গিয়েছে, আগামী রবিবার নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 2 টো পর্যন্ত সেতুমুখী জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিক পুলিশের তরফ। পরবর্তীতে হাওড়া ব্রিজের উপর থেকে গাড়ি গুলি হেস্টিংস ক্রসিং ধরে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও খবর।

 

অবশ্যই পড়ুন: ট্রাম্পের মতোই চুল! বাংলাদেশের ভাইরাল মহিষটিকে দেখতে এবার কাটতে হবে টিকিট

উল্লেখ্য, চলতি মাসেই সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। সেই মতোই জারি করা হয় প্রশাসনিক বিজ্ঞপ্তি। যদিও সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই কলকাতা পুলিশের তরফে পুনরায় আরেকটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নির্ধারিত দিনে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে না, ফলে বিদ্যাসাগর সেতু পুরোপুরি খোলা থাকবে।