প্রীতি পোদ্দার, কলকাতা: ১২৫ দিনের কাজের (125 Days Work) নামে আর চলবে না ফাঁকিবাজি, দুর্নীতিমূলক সমস্যা এড়াতে এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবার চালু করা হচ্ছে লোকেশন লক (Location Lock)। যার মাধ্যমে কাজের এরিয়াকে ডিজিটাল বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে। আর তার মাধ্যমেই বিচার করা হবে শ্রমিকদের উপস্থিতি এবং অনুপস্থিতির হার। রাজনৈতিক পালা পরিবর্তনের পর থেকেই রাজ্যে উন্নয়নের ধরা বজায় রাখার জন্য একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। আর এবার টার্গেট করা হচ্ছে ১২৫ দিনের কাজে।
চালু করা হচ্ছে জিও ফেন্সিং
জানা গিয়েছে, জিও ফেন্সিং এর মাধ্যমে কাজ শুরুর আগে সুপারভাইজারকে তাঁর ফোনে ওই নির্বাচিত কাজের জায়গার ম্যাপ বানাতে হবে। কাজের সময়ে শ্রমিকরা ওই ম্যাপের ১০ মিটারের মধ্যে থাকলে তবেই টাকা দেওয়া হবে। আর কেউ যদি এরিয়া ছেড়ে বাইরে বেরিয়ে যায় অর্থাৎ নির্ধারিত ম্যাপের বাইরে থাকে তাহলে লাল দাগ দেখাবে এবং তখনই সেই শ্রমিককে অনুপস্থিত হিসেবে ধরা হবে। এবং দেওয়া হবে না পারিশ্রমিকের টাকা। আর এর মাধ্যমেই কাজের সময় ফাঁকিবাজি আটকানো যাবে। এমনকি এই প্রক্রিয়ার ফলে কেন্দ্রের ১২৫ দিনের কাজেও মিলবে স্বচ্ছতা।
লোকেশন লকের মাধ্যমে ফিরবে স্বচ্ছতা
প্রশাসনের কর্তাদের দাবি, বিভিন্ন জায়গায় ১২৫ দিনের কাজের প্রকল্পে নানারকম দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কাজে না আসলেও বা কাজ বন্ধ করে রাখলেও মিলছে পারিশ্রমিক। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ব্লকে শুরু হয়েছে ১২৫ দিনের কাজ। আর সবচেয়ে বেশি অভিযোগ উঠছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানেই দুর্নীতির অভিযোগ উঠছে সবথেকে বেশি। কিন্তু জিও ফেন্সিং বা লোকেশন লক প্রক্রিয়া চালু হলে এই সকল দুর্নীতির জট কাটবে নিমেষেই। এর ফলে ভুয়ো হাজিরা, কাজ না করেই টাকা তোলা, এক জায়গার কাজ অন্য জায়গায় দেখানো সব বন্ধ হবে।
আরও পড়ুন: ‘এক বাপের সন্তান হলে কমেন্ট বক্স খোল’ কড়া মন্তব্য কুণাল ঘোষের, তোলপাড় রাজনীতি
আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ভাঙড় ও সাগর ব্লকে ১২৫ দিনের কাজের কর্মসূচি শুরু হলেও আগামী দিনে তা জেলার ৩১০ টি গ্রাম পঞ্চায়েতে কাজ চলবে। এই কাজে অদক্ষ শ্রমিকরা ৩০০ টাকা মজুরি পাবেন এবং অল্প দক্ষ শ্রমিকরা সাড়ে চারশো টাকা মজুরি পাবেন। অর্থাৎ ১০০ দিনের কাজের প্রকল্পে যে মজুরি পাওয়া যেত তার থেকে বেশ খানিকটা বাড়ানো হয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে প্রায় ৫০ হাজার করে জব কার্ড হোল্ডার আছে। আশা করা যাচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়বে। এছাড়াও সর্বত্র জিও ফেন্সিং দিয়ে কাজ শুরু হবে।










