সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসের ২৯ দিন পেরিয়ে গেলেও এখনও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, যা নিয়ে চিন্তিত মহিলারা। যাঁদের আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে ছিল, তাঁদের বারবার আশ্বস্ত করা হয়েছিল যে আবেদন পুনরায় যাচাই-বাছাই করে যোগ্য বিবেচিত হলে অন্নপূর্ণার সুবিধা দেওয়া হবে। তবে তা সত্ত্বেও অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি। এদিকে আন্ডার প্রসেস থাকা মহিলাদের বেনিফিশিয়ারি লিস্ট থেকেই এবার নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি, দেখানো হচ্ছে নতুন স্ট্যাটাস। তাঁরা কি আদৌ পাবেন টাকা?
আন্ডার প্রসেস থাকলে আদৌ কি মিলবে টাকা?
আন্ডার প্রসেস পর্যায়ে যে সমস্ত মহিলার আবেদন ছিল, তাঁদের নাম পুনরায় যাচাই করা হবে বলেই জানিয়েছিল রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যের বেশ কিছু প্রান্ত থেকে অভিযোগ আসছে, আন্ডার প্রসেস তালিকা থেকে আবেদনকারীর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, তাঁর নামই পোর্টাল থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি উপরে নতুন একটি বার্তাও দেখা যাচ্ছে “Failed to Fetch Beneficiary Status History”। যাঁদের স্ট্যাটাস আন্ডার প্রসেস পর্যায়ে ছিল, তাঁদের বেশিরভাগই অভিযোগের কথা জানাচ্ছেন।
তবে জানিয়ে রাখি, এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়েছে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, এটি আসলে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটের একটি টেকনিক্যাল গ্লিচ। কিছুক্ষণের মধ্যেই আবার সেই সমস্ত মহিলাদের আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে। অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই তাঁদের আবেদন রাজ্য সরকারের তরফ থেকে ভেরিফাই করা হবে, এবং তাঁকে যোগ্য মনে হলে আগামী মাস থেকেই দেওয়া হবে ৩০০০ টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকবে না ‘Fail’ শব্দ, বড় ঘোষণার রাজ্য সরকারের
এমনকি অন্নপূর্ণা যোজনার অভিযোগের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, “আমরা একটা পোর্টাল চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখনও অবধি সাড়ে ৪ লক্ষ অভিযোগ এসেছে সেখানে। ইনক্লুশনের পাশাপাশি এক্সক্লুশনের জন্যও আবেদন এসেছে অনেক। ৩১ আগস্টের পর স্টাডি করে বলে দেব।” অর্থাৎ যাঁদের আবেদন এখনও আন্ডার প্রসেস রয়েছে, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তাঁদের তথ্য ৩১ আগস্টের পর যাচাই করেই সেপ্টেম্বর থেকে অর্থ সহায়তা দেওয়া হবে।










