সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সবথেকে জনপ্রিয় স্কলারশিপের মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। বিশেষ করে উচ্চ শিক্ষার পথে ছাত্রছাত্রীদের অর্থনৈতিকভাবে সহায়তা করে এই স্কলারশিপ। কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের স্টাইপেন্ডের টাকা ঢোকেনি, যা নিয়ে দুশ্চিন্তায় পড়ছে ছাত্রছাত্রীরা। কিন্তু কেন টাকা ঢুকছে না, কবে টাকা ঢুকবে সেই সংক্রান্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
চেঞ্জ হচ্ছে স্কলারশিপের স্ট্যাটাস
প্রসঙ্গত, বর্তমানে অনেক ছাত্র-ছাত্রীর প্রোফাইলে ফান্ডের টাকা দেওয়ার প্রক্রিয়া স্যাংশন শুরু হলেও হঠাৎ করে তা আবার পিছিয়ে পুনরায় অ্যাপ্রুভাল অবস্থায় ফিরে আসছে। আর একে মূলত স্ট্যাটাস রিভার্সাল বলা হয়। অর্থা,ৎ স্বাভাবিকভাবে অ্যাপ্রুভ থেকে স্যাংশন সেকশনে যায়। কিন্তু হচ্ছে উল্টোটা। বিকাশ ভবন বলছে, এর প্রধান কারণ রাজ্যের বর্তমান নির্বাচনের তোড়জোড়। যেহেতু আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৪ মে ভোটের ফল ঘোষণা, তাই নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কোনও সরকারি অনুদান বা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হচ্ছে না।
সেই কারণে যাদের ফান্ড তৈরি হয়েছিল বা যাদের স্ট্যাটাসে স্যাংশন দেখাচ্ছিল, তাদেরকে আপাতত হোল্ডে রাখা হচ্ছে। তবে হ্যাঁ, যাদের স্ট্যাটাস আবার রিভার্স হয়ে গেছে অর্থাৎ স্যাংশন থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের নতুন ফান্ড আসা মাত্রই এবং ভোটের কাজ শেষ হয়ে গেলে আবার স্যাংশন হয়ে যাবে এবং অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে।
এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত ছাত্র-ছাত্রী বিশেষ করে কলেজের পড়ুয়ারা রিনিউয়ালের আবেদন এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য রয়েছে বড় খবর। কারণ, স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। পাশাপাশি ঐক্যশ্রী স্কলারশিপে যারা আবেদন করতে পারেননি তারাও এই সময়ের মধ্যে আবেদন সেরে নিতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইনের আবেদন করা যাবে।










