বিক্রম ব্যানার্জী, কলকাতা: গঙ্গায় তলিয়ে গেল 150 বছরের পুরনো শিব মন্দির (Shiv Temple)। ঘটনাটি মালদহ (Malda) জেলার রতুয়া 1 ব্লকের মহানন্দাটোলা গ্রামের। ওই এলাকাতেই বছরের পর বছর ধরে গঙ্গার তীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভগবান শিবের একটি মন্দির। তবে সম্প্রতি একটানা ভারী বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে কমবেশি সব নদীতেই। গঙ্গাও সেই তালিকার বাইরে নয়। আর তাতেই শেষ পর্যন্ত নদীর জলের ধাক্কায় মন্দিরটির নিচের অংশের মাটি ক্রমশ সরতে থাকে। আর তারেই একেবারে গঙ্গায় বিলীন হয়ে গেল বহু প্রাচীন হিন্দু মন্দিরটি।
মন্দির চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী!
সম্প্রতি একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সরকারি নির্দেশের পরই খুলে দেওয়া হয়েছে মাইথন থেকে শুরু করে পাঞ্চেত, DVC বাঁধের লক গেট, যার জেরে বেড়েছে গঙ্গার জল স্তর। ফলে গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতেও স্বাভাবিকের তুলনায় পার ছাড়িয়ে জল অনেকটাই উপরে উঠে এসেছে। বিশেষ করে মালদহের মহানন্দাটোলা গ্রামের গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে পার ছাপিয়ে বেড়েছে জলস্তর। আর সেই জলের তোরেই গঙ্গায় কার্যত উধাও হয়ে গেল 150 বছরের পুরনো মন্দির।
সম্প্রতি, গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় মন্দিরের নিচের অংশের ভাঙনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন মহানন্দাটোলার স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, গঙ্গার জল ক্রমশ বাড়তে থাকায় তা ঢুকে পড়েছে মন্দিরের ভেতরে। আর তারপরেই ধীরে ধীরে বাবা বুড়ো শিবের মন্দিরটিকে টেনে নিল মা গঙ্গা। যা দেখে চোখের জল আটকে রাখতে পারেননি গ্রামবাসীরা।
আরও পড়ুন: “ভারতের বিরুদ্ধে জিতেই ধ্বংস হয়ে গেল পাকিস্তান ক্রিকেট” স্বীকার করলেন পাক তারকা
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মন্দিরটি গঙ্গা নদীতে তলিয়ে যাচ্ছে এমন সময়, ঘটনাস্থলে উপস্থিত সকল গ্রামবাসী একসাথে শিবের নাম নিচ্ছেন। ভিডিওটিতে কয়েকজনকে এত পুরনো মন্দির গঙ্গায় বিলীন হয়ে যাওয়ায় কাঁদতেও দেখা যায়। ভিডিওটির একেবারে শেষ প্রান্তে দেখা গেল গঙ্গার জলের বিশাল তোরে নদীগর্ভে মিলিয়ে গেল কংক্রিটের মন্দিরটি।










