প্রীতি পোদ্দার, কলকাতা: এবার শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে লাগল আগুন (Fire), চরম আতঙ্কের পরিবেশ তৈরি হল যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, আজ সোমবার সাতসকালে শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে আগুন (Sealdah Food Plaza Fire) লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় সবকিছু। আগুনের খবর পৌঁছতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন, যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন বিপত্তি দেখে রীতিমত থতমত অবস্থা সকলের।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা। ফুড প্লাজায় আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানের কাচ ভেঙে জল দেওয়া হচ্ছে। কিন্তু বদ্ধ জায়গা হওয়ায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় গিয়েছে, তাই অক্সিজেন মাস্ক পরে দমকলকর্মীরা ভিতরে ঢুকেছেন আগুন নেভাতে। এক এক করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি বের করে আনা হচ্ছে, কাঠের দরজাগুলিও ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের যাতে কোনো সমস্যায় মুখে পড়তে না হয় তার জন্য RPF গোটা এলাকা ঘিরে রেখেছে।
Fire breaks out outside Sealdah Station this morning , According to preliminary reports, a fire broke out at a food court located outside the station premises. The entire station area was engulfed in thick black smoke. Three fire engines have reached the spot to douse the fire pic.twitter.com/qqEbfasJbn
— Syeda Shabana (@JournoShabana) August 31, 2026
অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হয়নি
শিয়ালদহের মতো অন্যতম ব্যস্ত রেল স্টেশন চত্বরে সাতসকালে এই ধরনের ঘটনা ঘটায় চরম চাঞ্চল্য ও উত্তেজনাময় পরিস্থিতি দেখা গিয়েছে। তাই বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিমও এসে পৌঁছেছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হয়নি। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও উপযুক্ত তদন্তের পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এর আগেও কয়েক মাস আগে একবার আগুন লেগেছিল এই ফুড কোর্টেই। তারপরও কেন সঠিকভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: যাদবপুরে ফের দেওয়াল লিখন, এবার চুনকামের উপরে কার্ল মার্ক্সের উক্তি, শোরগোল
উল্লেখ্য, চলতি মাসেই কিছুদিন আগে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল একাধিক। তার কয়েকদিন পরেই নিউ মার্কেটের হোটেল আগুনে পুড়ে মৃত্যু হয় ৯ জনের। এই দুই ঘটনার পরপরই শিয়ালদহ স্টেশন চত্বরের খাবারের দোকানে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। যদিও এদিনের ঘটনায় কারও প্রাণ যায়নি। তবে কর্মব্যস্ত দিনে শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারত।










