সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বিজেপি সরকার প্রথম মন্ত্রীসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুমোদন দিয়েছিল। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা মিলবে। এমনকি পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্যই আলাদা করে কার্ড দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্তি। তবে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, যেগুলি না থাকলে মিলবে না এই কার্ড। সেক্ষেত্রে যারা আয়ুষ্মানের সুবিধা পাবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন স্বাস্থ্যবীমা (Mukhyamantri Swasthya Bima) প্রকল্পের অনুমোদন দিয়েছেন, যেখানেও ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যাবে।
রাজ্যে চালু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা
যে সমস্ত ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারাই শুধুমাত্র আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে বলে জানানো হয়েছিল। তবে যারা এই প্রকল্পের আওতায় আসছেন না তাদের জন্য নয়া স্বাস্থ্যবীমার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রেজিনগরের জনসভা থেকে এই প্রকল্পের ঘোষণা করেন তিনি। এমনকি সেখানে তিনি বলেছেন, এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা বীমার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, স্বাস্থ্য সাথী প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় চিকিৎসার জন্য ইন্সুরেন্সের কভার মিলবে। সবথেকে বড় ব্যাপার, রাজ্যের বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যবীমার মাধ্যমে চিকিৎসা করানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই সেই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে হ্যাঁ, যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে তারা এই স্বাস্থ্যবীমা পাবে না বলেই জানানো হয়েছে। শুধুমাত্র আয়ুষ্মান ভারতের আওতায় যারা পড়বে না তাদেরকেই এই কার্ড দেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, চলতি জুলাই মাস থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে।
কীভাবে করা যাবে আবেদন?
যদিও আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, অনলাইন বা অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর অফলাইনে আয়ুষ্মান ভারতের মতোই স্থানীয় বিডিও অফিস, পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এমনকি সেখানে আধার কার্ড, রেশন কার্ডসহ বেশ কিছু তথ্য লাগতে পারে বলেই জানানো হয়েছে।










