প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা মুর্শিদাবাদে (Murshidabad Train Accident)। ট্রেন পুলকার দুর্ঘটনায় মৃত ৩, আর এই পরিস্থিতিতে উত্তপ্ত গোটা এলাকা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে। এদিকে এই ভয়ংকর দুর্ঘটনায় মর্মাহত ভারতীয় রেল (Indian Railways)। তাই মৃতদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য করল রেল। জানা গিয়েছে, পরিবারপিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে পূর্ব রেল। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান এবং তাঁর সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করেছে রেল।
গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল ৭ টা নাগাদ, ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ এলাকায়। ডাউন লাইন ধরে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসার সময় একটি স্কুলভ্যান লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। ওই সময় ছিলেন এক সাইকেল আরোহী। ট্রেনের ধাক্কায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই স্কুলপড়ুয়া এবং এক ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেবিনে গেটম্যানকে আটকে তালাবন্ধ করে দেয় উত্তেজিত জনতা। তাঁদের সাফ দাবি, কড়া শাস্তি দিতে হবে। আর তারপরেই বহরমপুর থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে গেটম্যানকে।
মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ রেলের
ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও চার পড়ুয়া এবং ভ্যানচালককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আর এই দুর্ঘটনার জেরে এবার ভারতীয় রেলের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল। পাশাপাশি আহতদের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল রেল।
আরও পড়ুন: আয়কর থেকে বার্থ সার্টিফিকেট, বর্ষাকালীন অধিবেশনে নতুন পাঁচটি বিল আনছে কেন্দ্র
কী বলছেন পূর্ব রেলওয়ের আধিকারিক?
পূর্ব রেলওয়ের তরফে প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, “রেলমন্ত্রীর তরফে এই ঘটনায় মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তাছাড়া জখমদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। এছাড়াও রেলের তরফে দশ জনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলের উদ্দেশে খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছে। আপাতত, রেলের গেটম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজারকে কর্তব্যের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।” জানা গিয়েছে, এই দুর্ঘটনার তদন্তের জন্য ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে রেল।
আরও পড়ুন: এবার ডিম থেরাপির শিকার নিউ টাউনের বিজেপি নেতা, টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিস
স্থানীয়দের একাংশের অভিযোগ, মদ-গাঁজা খেয়ে দিনভর নেশাগ্রস্ত হয়ে থাকতেন গেটম্যান। সেই অবস্থাতেই কাজও করতেন। ফলে অধিকাংশ দিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। ঘণ্টার পর ঘণ্টা গেট বন্ধ হয়ে থাকত। প্রবল সমস্যায় পড়তে হত আমজনতাকে। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।










