এদের বকেয়া DA মেটাচ্ছে নবান্ন, কবে পাবেন বাকিরা?

Published:

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই অবশেষে, বকেয়া ডিএ দেওয়া শুরু নবান্নের (Nabanna)। সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়া শুরু করল রাজ্য সরকার (Government Of West Bengal)। নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে বাকিরা কবে পাবেন, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, আজ, সোমবার নবান্নে সরকারি কর্মীদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বকেয়া DA প্রদান কর্মীদের

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। আপাতত টাকা দেওয়া হচ্ছে কেবল অবসরপ্রাপ্ত আধিকারিকদেরই। তবে কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা এখনই পাবেন না। কারণ ব্যাঙ্ক মারফত যাঁদের পেনশন হয়, কিছু জটিলতার কারণে তাঁদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এখনও পৌঁছায়নি। আশা করা যাচ্ছে সেই প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে।

বৈঠক হবে আজ

জানা গিয়েছে, আজ, সোমবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির বৈঠক রয়েছে নবান্নে। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন, তা ওই বৈঠকে স্থির করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই, আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে অবিলম্বে। কিন্তু সেই কাজ সম্পূর্ণ করেনি পূর্বতন সরকার। দীর্ঘ দিন ধরে ডিএ মামলা বিচারাধীন। তবে এবার সরকার পরিবর্তনে আশার আলো দেখছেন কর্মীরা।

শুনানি পিছিয়ে দিয়েছে আদালত

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা চলছে। গত বুধবার, শুনানিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে। রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। বাকি সংগঠনগুলিও জানায়, মুখ্যমন্ত্রী বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন। তাই এই মামলায় আরও সময় প্রয়োজন। শেষে সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত শুনানি পিছিয়ে দিয়ে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ধার্য করেছে। তবে তার আগে রাজ্যকে ডিএ মামলার স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

আরও পড়ুন: মন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপির ৩৫ বিধায়ক, তালিকায় কারা কারা? দেখুন

ডিএ-র বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করে দেওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন সরকারি কর্মীরা। তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই প্রসঙ্গে সিপিএম সমর্থিত কর্মচারী সংগঠনের কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিত গুপ্ত চৌধুরী বলেন, “ মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। তার মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে অবসরপ্রাপ্তদের সঙ্গে বর্তমানে কর্মরতদেরও প্রাপ্য ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”