বাতিল ৮৪০ কোটির তিস্তার দ্বিতীয় সেতুর টেন্ডার, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Published:

National Highways Authority of India

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। চতুর্থবার বঙ্গে সরকার গঠনের জন্য একদিকে যেমন মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস ঠিক তেমনি আবার মুখ্যমন্ত্রীর পদ কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি (BJP)। আর এই রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে, উত্তরবঙ্গের অন্যতম বড় প্রকল্প, সেবকে তিস্তার উপরে দ্বিতীয় সেতু ও সংযোগকারী রাস্তার প্রায় ৮৪০ কোটি টাকার দরপত্র বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (National Highways Authority of India)।

বাতিল তিস্তার দ্বিতীয় সেতুর দরপত্র

রিপোর্ট মোতাবেক, গত ২ জানুয়ারি সেবকে দ্বিতীয় বিকল্প সেতু এবং চার লেনের সংযোগকারী রাস্তার দরপত্র ডেকেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যদিও তাই নিয়ে বেশ চড়াও প্রচার করেছিল বিজেপি। জানা গিয়েছে এই প্রকল্প ব্যয়ে আনুমানিক ৮৪০.২৯ কোটি টাকা দরপত্র পাঠানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে উত্তরবঙ্গের অন্যতম বড় প্রকল্প, সেবকে তিস্তার উপরে দ্বিতীয় সেতু ও সংযোগকারী রাস্তার দরপত্র বাতিল করে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বাতিলের কারণস্বরূপ রবিবার, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, দরপত্রে চার লেন-সহ সেতু তৈরির কথা ছিল, কিন্তু সেটি ছয় লেনের হবে বলেই দরপত্র আপাতত বাতিল করা হয়েছে।

অস্বস্তিতে পড়ল বিজেপি

আগামী ২৩ এপ্রিল, উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচন সংঘটিত হতে চলেছে। তাই জনসংযোগ বৃদ্ধি করতে তুমুল ব্যস্ততা দেখা গিয়েছে শাসকদল এবং বিরোধী দলগুলির মধ্যে। এমতাবস্থায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সেবকে দ্বিতীয় বিকল্প সেতুর দরপত্র বাতিলের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ল বিজেপি। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি, ছয় লেনের সেতু তৈরির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকে। সেখানে ছাড়পত্র পেলে, ফের দরপত্র ডাকা হবে। অন্যদিকে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়েরও দাবি, “একটি আলঙ্কারিক এবং মডেল সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সড়ক কর্তৃপক্ষ, তাই দরপত্র বাতিল হয়েছে।”

আরও পড়ুন: মোদীর ঝালমুড়ি খাওয়ার জেরে প্রচার স্থগিত, সূচি বদলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক

ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

সেতুর দরপত্র বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে দ্বিতীয় সেতু নির্মাণের দাবি তোলা ‘ডুয়ার্স ফোরাম ফর সোশাল রিফর্মস’। সেই সংগঠনের সম্পাদক চন্দন রায়ের বক্তব্য, “আমরা মনে করছি, সেবকের তিস্তা নদীর উপরে সড়ক-সেতু তৈরির দরপত্র ডাকা নিয়ে আগাম ঘোষণা-সহ তৎপরতা শুধু ভোটের চমক ছিল। কিন্তু এখন তাঁরা প্রতিশ্রুতি থেকে সরে আসছেন।” ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে RTI করে গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছে এই সংগঠন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চিকেন’স নেক বলে পরিচিত শিলিগুড়ির করিডরের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ মজবুত করতে তিস্তায় দ্বিতীয় সেতু তৈরির পরিকল্পনা হচ্ছিল। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।