প্রীতি পোদ্দার, কলকাতা: ফের হবে SIR, তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নয়, SIR হবে টলিউডে অভিনয়ের ক্ষেত্রে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এমনই ঘোষণা করলেন টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। বুধবার সকালে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, টলিউডের কর্ম সংস্কৃতিতে বড়সড় রদবদলের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
টলি ইন্ডাস্ট্রিতে নয়া চমক পাপিয়া অধিকারীর
দীর্ঘ কয়েক বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছিলেন অরূপ বিশ্বাস। পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে বাংলা সিনেপাড়ার ‘ব্যান কালচার’ নিয়েও কম হইচই হয়নি। সিনেইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব এযাবৎকাল অভিযোগ তুলেছেন যে, টলিউডে একচ্ছত্র প্রতিপত্তি বহাল রেখেছিল ‘বিশ্বাস ব্রাদার্স’। তবে এবার এই সব অভিযোগ দুর্নীতি মুছে এবার নতুন এক সাংগঠনিক অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী তথা বিধায়িকা পাপিয়া অধিকারী। আজ, বুধবার, টেকনিশিয়ান স্টুডিওতে এক সভায় শিল্পী, কলাকুশলী এবং বিভিন্ন বিভাগের কর্মীদের উপস্থিতিতে তিনি জানান, “খুব শীঘ্রই ‘Eastern India Motion Pictures & Cultural Confederation’ (EIMPCC)-এর হাত ধরে নতুন কাজ শুরু হবে।”
ভেঙে দেওয়া হল ফেডারেশনের ২৬টি গিল্ড
বাংলা ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ, সুশৃঙ্খল এবং কর্মবান্ধব করে তুলতে প্রতি সপ্তাহে টেকনিশিয়ান স্টুডিওয় আলোচনা হবে। পাপিয়া অধিকারী জানান, “সকলকে নিয়ে কাজ হবে। একটি শুটিং ইউনিটে কতজন কর্মী প্রয়োজন, সেই সিদ্ধান্ত একমাত্র প্রযোজক এবং এক্সিকিউটিভ প্রযোজকরাই নেবেন। এছাড়াও ফেডারেশনের আওতায় যে ২৬টি গিল্ড ছিল, সেটা আর থাকবে না। পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’- এই চারটি বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ পাবেন সকলে। প্রতি বিভাগে দুইজন করে কর্মী থাকবেন। যাঁরা কাজের বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব দেখবেন।”
টলিউডে হবে SIR
SIR প্রসঙ্গে টালিগঞ্জের বিধায়িকার অভিযোগ, “অতীতে যোগ্যতার পরিবর্তে প্রভাব ও অর্থের জোরে অনেকেই কাজের সুযোগ পেয়েছেন, এদিকে প্রকৃত দক্ষ কর্মীরা বঞ্চিত হয়েছেন। তাই সেই পরিস্থিতি বদলাতেই আনা হচ্ছে ‘SIR’ বা স্ক্রিনিং প্রক্রিয়া। অর্থাৎ এবার থেকে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই কাজের সুযোগ মিলবে।” এছাড়াও টলিউডে ‘ব্যান কালচার’ এবং ‘সাসপেনশন কালচার’এর অবসান ঘটানো হবে বলেও জানান তিনি। রাজনীতির নাগপাশ থেকে টলিউডকে মুক্ত করার অঙ্গীকার নেন পাপিয়া দেবী।
আরও পড়ুন: শহরে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি! বদলাচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের তারিখ, জানালেন মন্ত্রী দিলীপ
প্রসঙ্গত, টলিউডে ‘ডি কিউব’ মডেল নিয়েও মুখ খোলেন পাপিয়া দেবী। আসলে ডি-কিউব মানে ডিলিট, চিহ্নিতকরণ করা। তিনি সাফ জানিয়ে দেন, “কোনরকম শোষণ বা অনৈতিক কাজ টলিপাড়ায় চলবে না। যারা এতদিন ধরে শোষণ করেছেন, মানুষকে কাজ করতে দেননি, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, অত্যন্ত আপমানিত করেছেন বাকিদের। তাঁদেরকে ডি-কিউবের আওতায় আনা হবে। চাইলে আপনারা নিজে থেকে বাদ হয়ে যাবেন। আমরা বাদ দিতে চাই না। এখান থেকে চলে যাবেন, যেখানে কাজের সুবিধা হয়, করবেন। এখানে আপনাদের জায়গা হবে না।”










