প্রীতি পোদ্দার, কলকাতা: মহাঅষ্টমীর সকালেই ঘটে গেল ভয়ংকর বিপদ। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরে দাউ দাউ করে জ্বলে উঠল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র একটি শাখায়। অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসেছে। যদিও দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সাতসকালে ব্যাঙ্কে আগুন
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার, মহাঅষ্টমীর সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের শুড়েকানলা এলাকার SBI শাখায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে আগুন। এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। শেষে দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে পুজোর উৎসবের আবহে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তবে এখন সেই আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। তবে ব্যাঙ্কের কম্পিউটার, নথিপত্র কিংবা অন্যান্য সরঞ্জামের কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বেশ কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে
দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই হাজির হয়েছে স্থানীয় পুলিশ। অগ্নিকাণ্ড নিয়ে যাতে কোনো রকম কোনো অশান্তি বা বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, ব্যাঙ্কের অফিসের ভেতরে থাকা বেশ কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে এবং কম্পিউটার সহ অন্যান্য যন্ত্র বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাঙ্কের ভল্ট নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ডিউটি ছেড়ে মহিলাকে ম্যাসাজ করছে পুলিশ! তৃণমূলের পোস্ট করা ভিডিও ঘিরে বাড়ছে বিতর্ক
অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাঙ্কের ম্যানেজার বলেন, “আমাদের সকলের অনুমান শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে সবটাই এখন তদন্তের আওতায়। স্বস্তির বিষয় হল এই ঘটনায় কেউ আহত হয়নি এমনকি ব্যাঙ্কের ভল্টও নিরাপদে রয়েছে।” উল্লেখ্য, আগুন লাগার মতো ঘটনা এড়াতে ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে ওই ব্যাঙ্কের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন সেই নিয়ে প্রশ্ন উঠছে।










