প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার (Government Of West Bengal) বদল হতেই এবার বদলে যাবে বাংলার মানচিত্র! পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে শিলিগুড়ি (Siliguri) জেলা! জানা গিয়েছে দীর্ঘদিনের দাবি মেনে এবার উত্তরের সমতলের অংশটুকু কেটে নিয়ে এবার পূর্ণাঙ্গ জেলা হতে চলেছে শিলিগুড়ি। আর এর মধ্যে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ও ফুলবাড়ির দুটি গ্রাম পঞ্চায়েত এবং উত্তর দিনাজপুর জেলার একাংশ জুড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই দার্জিলিং জেলা প্রশাসনের তরফে প্রস্তাবিত শিলিগুড়ি জেলার মৌজা ম্যাপ এবং ভোটার তালিকা তৈরির কাজ চলছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই বেশ উচ্ছ্বসিত স্থানীয় থেকে শুরু করে ব্যবসায়ীরা।
পৃথক জেলা হিসেবে স্বীকৃত পাবে শিলিগুড়ি
জানা গিয়েছে, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন নির্বাচনে জয় লাভ করার পরেই শিলিগুড়িকে পৃথক জেলা তৈরির দাবি নতুন ভাবে উঠে এসেছে। বাগডোগরা-শিবমন্দিরকে পৃথক পুর এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদকে গ্রামাঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। প্রাথমিক অনুমান শিলিগুড়ি শহরের ভিতরে তৈরি মহকুমা পরিষদ ভবনটিকে জেলাশাসকের দপ্তরে রূপান্তর করা হবে। মূলত ‘চিকেনস নেক’–কে কেন্দ্র করে প্রশাসনিক নজরদারি বাড়ানোর জন্য এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আলাদা জেলার স্বীকৃতি নিয়ে ব্যবসায়ী মহলেও বেশ খুশি আমেজ দেখা গিয়েছে।
কী বলছেন শিলিগুড়ি জেলা সভাপতি?
শিলিগুড়ি মহকুমা পরিষদের অতিরিক্ত এগজিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘শিলিগুড়িতে পৃথক জেলা তৈরির দাবি অনেক পুরোনো। অনেক বিজেপি নেতা , বিধায়কের এই নিয়ে সোচ্চার হয়েছিলেন। তাই এখন এই ব্যাপারে রাজ্যের শীর্ষ কর্তারা চিন্তাভাবনা করছেন।’ অর্থাৎ শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে রাজ্যবাসীর কাছে তুলে ধরতে প্রশাসনের তরফে জোর কদমে আলোচনা চলছে। অন্যদিকে বিজেপি’র শিলিগুড়ি জেলা সভাপতি অরুণ মণ্ডলও জানিয়েছেন, ‘আমরা শিলিগুড়িকে জেলা ঘোষণার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: মেলেনি নোটিশের জবাব, অবৈধ প্ল্যানের অভিযোগে এবার ভাঙছে অভিষেকের কার্যালয়
প্রসঙ্গত, শিলিগুড়িকে কেন্দ্র করে পৃথক জেলা গঠনের ভাবনা বাম জমানা থেকে শুরু হয়েছিল। সে সময়ে রাজ্য সরকার ঠিক করেছিল যে, দার্জিলিংয়ের মতোই শিলিগুড়িতে সমান্তরাল জেলা প্রশাসন গড়ে তোলা হবে। জেলাশাসক এবং পুলিশ সুপার, পরিবহণ আধিকারিকেরা তখন শিলিগুড়ি ও দার্জিলিংয়ে অফিস করা শুরু করেন। এমনকি তৃণমূল জমানাতেও শিলিগুড়িতে পৃথক কমিশনারেট তৈরি করে। এমনকি মহকুমার তিনটি ব্লক দার্জিলিং জেলা পুলিশের অধীনে থাকলেও সেগুলি দেখভাল করতে শুরু করেন কমিশনারেটের কর্তারা। এবার রাজ্যে নতুন সরকার আসতেই শিলিগুড়িকে পৃথক জেলা করার জন্য তোড়জোড় শুরু হয়েছে।










