অভয়ার বাবাকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি সোমনাথ দে’র আইনজীবীর

Published:

RG Kar Case

সৌভিক মুখার্জী, কলকাতা: অভয়া কাণ্ডে (RG Kar Case) সম্প্রতি গ্রেফতার করা হয়েছে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে। বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে আটক করে। এমনকি তার আগে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালালেও গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। তবে এবার সোমনাথের আইনজীবী অভয়ার বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “অভয়ার বাবাকে আমি ভিতরে ঢোকাবো।” তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তেজনা।

অভয়ার বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোমনাথ দে-র আইনজীবীর

মিডিয়ার সামনে দাঁড়িয়ে এদিন সোমনাথের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, “অভয়ার যে কেস বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, সেখানে রাজ্য পুলিশ হস্তক্ষেপ কেন করছে? সেদিনকার ঘটনাটা মনিটর করেছিল আপনাদের মতো ৫০ জন প্রেস। অভয়ার দেহ সেদিন আরজি কর থেকে বেরোনোর পর দাহ করার মধ্যে ৫০ জন প্রেস ছিল। পাশাপাশি ১০০ থেকে ১৫০ জন অফিসার ছিল, যার মধ্যে অন্তত ৫০ জন আইপিএস। ওর বাবা আগেও লিখেছিলেন যে সঞ্জীব মুখোপাধ্যায়কে উনি চেনেন না, যিনি প্রধান সাক্ষী ছিলেন। ওর বাবা যদি কথাগুলোকে অ্যাভয়েড করতে পারেন, আমি তো ভেতরে ঢোকাবো। কারণ জাল সাক্ষী দেওয়াটা বিশাল বড় অপরাধ।”

প্রসঙ্গত, অভয়া কাণ্ডে শবদেহ তড়িঘড়ি দাহ করার পিছনে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দে-র ভূমিকা ছিল বলেই অভিযোগ ওঠে। এমনকি নির্মল ঘোষের সাথে সঞ্জীব মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। অভয়ার বাবার দাবি, সোমনাথ দে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তড়িঘড়ি আইন আর সামাজিক প্রক্রিয়া এড়িয়ে দেহ দাহ করার বন্দোবস্ত করেছিলেন, যাতে তথ্য প্রমাণ নষ্ট হয়। আর সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন চেয়ারম্যানকে।

আরও পড়ুন: ডিএ দিয়েও আবার টাকা কেটে নিয়েছে সরকার? প্রকাশ্যে উঠে এল চাঞ্চল্যকর দাবি

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় নতুন করে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন রত্না দেবনাথের স্বামী ওরফে অভয়ার বাবা। সেই মামলার সূত্র ধরেই নির্মল ঘোষ আর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তবে রত্না দেবনাথ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানালেও গতকাল তিনি নিজেই দাবি করেছেন, সরকার এই মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে না।