সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে মূর্তি উদ্বোধন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে লেকটাউনে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির মূর্তিকে কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই থামছিল না। তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারকে কাঠগড়ায় তুলছিল বিরোধীরা। তবে এবার রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। কিন্তু নতুন সরকারও সেই মূর্তি উদ্বোধন নিয়ে বিতর্কের মুখে পড়ল। এদিন কলকাতায় মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar)
মূর্তি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই মূর্তির সঙ্গে উত্তম কুমারের কোনও মিল নেই বলেই দাবি সকলের। এমনকি এ নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।
উত্তম কুমারের মূর্তি নিয়ে বিতর্ক
জানিয়ে রাখি, গত ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে বড় করে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা। এমনকি টলিউডের অভিনেতা-অভিনেত্রীদেরকেও সেখানে দেখা যায়। পাশাপাশি সেখানে উত্তম কুমারের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন। তবে সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে মহানায়কের একটি মূর্তি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ নিয়েই তৈরি হয় বিতর্ক।
ওই মূর্তি উদ্বোধনের পর বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ ফেসবুকে লেখেন, “এটা উত্তম কুমারের মূর্তি? ইয়ার্কি হচ্ছে? এই মূর্তিটা রাজ্য সরকার বসাল। কিন্তু যদি এই মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতেন, তাহলে কী হতো একবার ভাবতে পারছেন? মিডিয়া কতটা লাফাত, কতটা টক শো বসত তার কোনও ঠিক ঠিকানা নেই। এখন সবটাই নীরবতা। বিজেপির অভিনেতা-অভিনেত্রীরা এগুলি দেখতে পাচ্ছে না? অবিলম্বে এই মূর্তি সরিয়ে ঠিকঠাক মূর্তি বসাক রাজ্য সরকার। উত্তম কুমারকে নিয়ে একদম ছেলেখেলা করবেন না।”
আরও পড়ুন: অর্ধেকের বেশি অক্সিজেন প্ল্যান্ট চালুই হয়নি! কোভিডে ৬৬০ কোটির দুর্নীতি তৃণমূল সরকারের?
তবে শুধুমাত্র কুনাল ঘোষ নন, বরং উত্তম কুমারের এই বিদঘুটে মূর্তি দেখে খিল্লি ওড়াচ্ছেন নেট নাগরিকরাও। কেউ কেউ মজা করে কমেন্ট করছেন, “এটা যদি উত্তম কুমার হয়, তাহলে আমি নিজে শাহরুখ খান!” এমনকি আরও একজনকে বলতে শোনা যায়, “এ তো উত্তম নয়, বরং অধম!” যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই মূর্তি আদৌ সরানো হয় কিনা।










