প্রীতি পোদ্দার, কলকাতা: ফের উত্তাল দিনহাটা (Dinhata), বিদ্যালয়ের পঠন-পাঠন সম্পূর্ণ বয়কট করে আচমকা আন্দোলনে নামলেন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ (Dinhata Student Protest)। জানা গিয়েছে, মিথ্যে অভিযোগের কারণে প্রিয় শিক্ষককে জেলে আটক রাখায় (Teacher Arrest In Dinhata) আজ, ক্লাস বয়কট করার পরেই বিদ্যালয়ের সামনে দিনহাটা দুই নং ব্লকের মহাকাল হাট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ২৬ আগস্ট কোচবিহারের দিনহাটা সাহেবগঞ্জ থানায় মহাকাল হাট উচ্চ বিদ্যালয়েরই পাঠরত সপ্তম শ্রেণির ছাত্রীর অভিভাবক, অতিথি শিক্ষক সম্রাট বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে। এদিকে প্রিয় শিক্ষকের বিরুদ্ধে এই ভয়ংকর অভিযোগ ওঠায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের একাংশ। তীব্র প্রতিবাদ জানিয়ে মহাকাল হাট বাজারের সামনে পথ অবরোধ করে মিছিল করল শিক্ষার্থী ও অভিভাবকদের বড় একটি অংশ।
দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি
প্রতিবাদী ছাত্র ছাত্রীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে নাকি ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই শিক্ষককে, তিনি অত্যন্ত ভালো মানুষ। তাই সেক্ষেত্রে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের পঠন-পাঠন চালু রাখা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষের দরজাও বন্ধ করে দেওয়া হয়। তাঁদের স্পষ্ট দাবি যতক্ষণ না ওই ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে, ততক্ষণ তারা স্কুল বন্ধ রাখবে এবং অবিলম্বে ওই শিক্ষককে জেলমুক্তি দিতে হবে। পরিস্থিতি রীতিমত জটিল আকার ধারণ করেছে।
আরও পড়ুন: কালীঘাট মন্দিরের সম্পদ নয়ছয়ের আশঙ্কা! ৪৬ বছর ধরে নিখোঁজ ভল্টের চাবি, হয়না নির্বাচনও
স্কুলের এই অবস্থা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ অতিথি শিক্ষক সম্রাট বর্মন গ্রেফতারির পর থেকেই স্কুলের মধ্যে প্রতিবাদ শুরু করেছিল ছাত্র-ছাত্রীরা। এখন ক্লাস বয়কট করেছে এবং স্কুলের বিভিন্ন ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের সামনে পথ অবরোধ ও ছাত্রছাত্রীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন দেখার এই পরিস্থিতির কীভাবে পুনরায় স্বাভাবিক করা যায়।










