আর পালিত হবে না ‘খেলা হবে’ দিবস, ১৬ আগস্ট নিয়ে নয়া পরিকল্পনা রাজ্য সরকারের

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পরিবর্তন হতেই বড় ঘোষণা করল বিজেপি সরকার (Government Of West Bengal)। এখন থেকে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’-এর বদলে পালন করা হবে ‘আয়ুষ্মান দিবস’ (Ayushman Diwas), রবিবার, মেছেদায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগে পূর্বতন সরকারের আমলে রাজ্য জুড়েই ওই দিনটিতে সরকারি উদ্যোগে পালিত হত খেলা হবে দিবস। তবে এবার সবটাই বদলে দিল নতুন সরকার।

১৬ আগস্ট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি গেস্ট হাউসে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে দুটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন তারপর দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছিলেন তিনি। এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৬ আগস্ট নিয়ে বড় পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এবার থেকে ওইদিন পালন করা হবে আয়ুষ্মান দিবস।

আয়ুষ্মান ভারত নিয়ে বড় আশ্বাস শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, “১৬ আগস্ট বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। আবার এই দিনই বাংলার ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়। ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ কিন্তু সেই দিনটা আগের সরকার খেলা হবে দিবস পালন করত। তবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে।” এছাড়াও আয়ুষ্মান ভারত প্রসঙ্গে তিনি বলেন, “৭০ বছরের উপরে হলেই আয়ুষ্মান ভারত সকলে পাবেন। কিন্তু যারা এই প্রকল্পের পাচ্ছেন না তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবেন।”

কলকাতা বিমানবন্দর সংলগ্ন মসজিদ সরানোর বিতর্ক নিয়েও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বখরি ঈদও করেছেন পশুহত্যা আইন মেনে, কোনও অসুবিধা নেই। মহরমেও রাস্তায় বেরিয়েছেন, অস্ত্র বাড়িতে রেখে। আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, আর বন্দেমাতরমটা গাইতে হবে। ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।”

আরও পড়ুন: ডিম হামলার আশঙ্কা! হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসা হল লাহেক আলিকে

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে নয় মাস লাগিয়ে দিয়েছিল। আমরা ১ কোটি ২০ লক্ষ লোককে দেড় মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য রয়েছেন তাঁরাও পাবেন। ৩০ অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে৷ তবে অযোগ্যরা বাদ যাবেন। সরকারি প্রতিটি জিনিসের নিয়ম থাকা দরকার।”