ডেঙ্গু রুখতে বড় পদক্ষেপ সরকারের, ১৬০০-টিরও বেশি ওয়ার্ডে চলল সাফাই অভিযান

Published:

Cleanliness drive

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষার মরসুমে ডেঙ্গু প্রতিরোধে বড় ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। ৩ দিনের রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান (Cleanliness drive) সম্পন্ন হয়েছে হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও অবধি শেয়ার করেছেন যা সকলকে অবাক করেছে। ১৬০০-টিরও বেশি ওয়ার্ডে অভিযান চলে। নর্দমা পরিষ্কার থেকে শুরু করে জায়গায় জায়গায় ছড়িয়ে থাকা জঞ্জাল সাফাই স্কুল, বাজার, সরকারি দফতর মিলিয়ে বহু জায়গায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান চলেছে বলে খবর।

ডেঙ্গু রুখতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের

মুখ্যমন্ত্রী লেখেন, ‘পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের লক্ষ্যে আমাদের সংকল্প ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’। পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর আয়োজিত ৩ দিনের রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা সংকল্প অভিযানে ২২টি জেলার ১২৮টি পুরসভার ১৬০০-র বেশি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা অভিযান চলেছে; কর্মসূচিতে; ৬,০৬৫টি অবরুদ্ধ নর্দমা পরিষ্কার করা হয়েছে, ১,৬০৮টি জায়গায় ছড়িয়ে থাকা জঞ্জাল পরিষ্কার করা হয়েছে, ৪,৫১১টি রাস্তার ধারে জমে থাকা জঞ্জাল সাফাই করা হয়েছে, ২৭,৩৭৮টি জায়গায় মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়।’

আরও পড়ুনঃ গুরুতর অভিযোগে গ্রেফতার অভিষেক ব্যানার্জি

তিনি আরও জানান যে বাজার, হাট, স্কুল-কলেজ, সরকারি দফতর ও স্বাস্থ্যকেন্দ্রে মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। মোট ১,১০৬টি বাজার ও হাট, ১,৩০৪টি স্কুল ও কলেজ চত্বর, ৫৪৪টি সরকারি দপ্তর চত্বর, ৩১৫টি হাসপাতাল চত্বর, ৩৫,০০০+আইইসি (IEC) সামগ্রী বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সবথেকে বড় কথা, ১১৮টি NGO ও সিভিল সোসাইটি সংগঠন পরিচ্ছন্নতার এই মহা অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেছিল।

বাজার থেকে স্কুল, হাসপাতাল থেকে সরকারি দফতর এখন জঞ্জালমুক্ত

মুখ্যমন্ত্রী লেখেন, ‘শুধু পরিষ্কার করার নয়, এখন সময় সম্মিলিত ভাবে নিজেদের পারিপার্শিক এলাকা পরিষ্কার রাখার সংকল্প নেওয়ার। আসুন, নিজেদের সুস্থ্য রাখতে, পরিবেশ কে পরিচ্ছন্ন রাখতে এই ‘স্বচ্ছতা অভিযান’কে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি। প্রতিটি পাড়া, প্রতিটি রাস্তা, প্রতিটি নর্দমা এবং প্রতিটি জনবহুল স্থানকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা সকলে কাঁধে তুলে নিই। পরিচ্ছন্ন বাংলা গড়ার এই লড়াইয়ে আমরা প্রত্যেকেই অংশীদার। আমাদের সংকল্প, আবর্জনামুক্ত পশ্চিমবঙ্গ। ডেঙ্গুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। পরিষ্কার থাকুন। সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গের গর্ব বজায় রাখুন।’