এদের ভাতা বাড়ল ২০০০ টাকা, আজ থেকেই কার্যকর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Salary Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আরও কল্পতরু পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। প্রথম বাজেটেই আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য কর্মচারীদের বেতন অনেকটাই বাড়িয়েছে শুভেন্দুর সরকার। এমনকি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একধাক্কায় বাড়ানো হয়েছে ২০ শতাংশ। এবার সেই ধারা বজায় রেখে ভিলেজ পুলিশদের ২০০০ টাকা করে ভাতা বাড়ানোর (Salary Hike) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে উৎসবের মরশুমে এই বাড়তি ভাতা যে তাদের জন্য সুখবর বয়ে আনল তা বলাবাহুল্য।

ভাতা বাড়ল ২০০০ টাকা

সরকার গঠন করার পরপরই একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবারের বাজেটে কর্মচারীদের জন্য একেবারে সাজিয়ে উপহার দিয়েছে রাজ্য সরকার। দিন কয়েক আগেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন ২০০০ টাকা করে বাড়ানো হয়েছিল। এবার সেই সূত্রে ভিলেজ পুলিশদেরও ভাতা বাড়ানো হল ২০০০ টাকা। রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে কাজ করেন ভিলেজ পুলিশকর্মীরা। এতদিন তারা মাত্র ১০ হাজার টাকা করে ভাতা পেতেন। তবে ২০০০ টাকা বাড়ানোয় এবার তাদের ভাতা দাঁড়িয়েছে ১২ হাজার টাকা।

আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজ্য পুলিশের পাশাপাশি ভিলেজ পুলিশদের গুরুত্ব অপরিসীম। এবার তাদের কাজের গতি আরও বাড়াতেই এই ভাতা বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। যদিও বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতি মতোই বাড়ল তাদের ভাতা। ইতিমধ্যেই অর্থমন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই তাদের এই অতিরিক্ত ভাতা কার্যকর হচ্ছে বলেই জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক

এদিকে অক্টোবর মাসেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে ভিলেজ পুলিশদের উপর যে নিরাপত্তা রক্ষার্থে বাড়তি দায়িত্ব পড়ে তা বলার অপেক্ষা রাখে না। তবে পুজোর আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এতে রাজ্যে কর্মরত হাজার হাজার ভিলেজ পুলিশ উপকৃত হবেন।