অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের নামে কাটমানি আদায়! কলকাতায় গ্রেফতার তৃণমূল নেতা

Published:

TMC Leader Arrested

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা হারিয়েও কলঙ্ক কাটেনি তৃণমূলের! এবার বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ফর্ম পূরণ করা নিয়েও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ফর্ম পূরণ বাবদ মহিলাদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছিলেন তিনি। পরে খবর পেতেই বিজেপি কর্মীরা হাতেনাতে পাকড়াও করে তাঁকে (TMC Leader Arrested)। ইতিমধ্যেই কড়েয়া থানায় পুলিশের হেফাজতে রয়েছেন ওই নেতা।

ফর্ম পূরণে কাটমানি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পার্ক সার্কাস এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে বসে এক তৃণমূল নেতা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দিচ্ছিলেন। যুবকের নাম মহসিন আলি। তিনি ফর্ম পূরণ করে দেওয়ার বিনিময়ে মহিলাদের থেকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত নিচ্ছিলেন বলে অভিযোগ৷ অনেক মহিলাই জড়ো হয়েছিলেন তাঁর কাছে ফর্ম পূরণে জন্য। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মী সুরজ কুমার সিং তাঁর কজন সহযোগীকে নিয়ে। তাঁরা বাধা দিলে ওই তৃণমূল নেতা তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

গ্রেফতার অভিযুক্ত

বচসার সময় উপস্থিত মহিলারাও ফর্ম ফেরত চান মহসিনের কাছ থেকে। অভিযোগ, মহসিন প্রথমে ফর্মগুলি ফেরত দিতে চাইছিলেন না। পরে ‌মহিলারা ফর্ম কেড়ে নিতে বাধ্য হন। বিজেপির তরফে গতকালই মহসিনের বিরুদ্ধে কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ৷ দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ, তারপর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। যেখানে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে বিনামূল্যে সরকারি আধিকারিক, বিধায়ক এবং BLO রা বিনামূল্যে ফর্ম পূরণ করতে সাহায্য করবে সেখানে এই টাকা নেওয়াটা অনৈতিক।

আরও পড়ুন: মহার্ঘ ত্রাণ দেওয়া শুরু নবান্নর, পেনশন প্রাপকদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

প্রসঙ্গত, শর্ত মেনেই আনুষ্ঠানিকভাবে রাজ্যে অন্নপূর্ণা প্রকল্পের সূচনা হয়ে গিয়েছে। গত ১ জুন থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ৩ জুন, বুধবার থেকে তহবিল হস্তান্তরের কাজও শুরু করে দিয়েছে সরকার। প্রথম দিনই ২ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফর্ম পূরণের পর তথ্য যাচাই করে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার৷ অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য ৯০ দিন সময় পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।