তৃণমূল কবে বিরোধী দলের মর্যাদা পাবে? জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার

Published:

Trinamool Congress

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। মাত্র ৮০টি আসন নিয়ে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে ২০৮ আসন নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু বিরোধী দলের মর্যাদা পাওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় পর্যাপ্ত ঘর দেওয়া হয়নি বলেই দাবি তাদের একাংশের। এ নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু (Rathindranath Basu)।

কী বললেন স্পিকার?

আজ নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে বিধানসভা এসেছিলেন রথীন্দ্রনাথ বসু। তিনি বলেন যে, “তৃণমূলের তরফ থেকে একটা চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে, চিঠিতে বেশ কিছু বিষয় যুক্ত করতে হবে। কারণ, আমার মনে হচ্ছে ওই চিঠিতে আরও কিছু যুক্ত করার দরকার ছিল। আমি চিঠির প্রাপ্তি স্বীকার করেছি। তবে বিধানসভায়ের ঘরগুলি এখন কীরকম অবস্থায় রয়েছে দেখতে হবে। ওরা সকলেই প্রবীণ সদস্য। সকলেই পশ্চিমবঙ্গের সিনিয়র নেতা। তাঁদের সম্মানিত করার দায়িত্ব এখন আমাদেরই। আপাতত ঘরগুলি তাঁদের হাতে তুলে দিতে কিছুদিন দেরি হতে পারে। কারণ, একেবারে গুছিয়ে ভালোভাবেই ঘর দেওয়া হবে। আমাদের যে ঘরগুলো দেওয়া হয়েছিল সেগুলি যথেষ্ট ছিল না। কাজ করতে অসুবিধা হয়েছিল। আমরা চাই বিরোধী দলের যাতে এই সমস্যা না হয়।”

উল্লেখ্য, এদিন স্পিকার আরও দাবি করেন যে, তৃণমূলের তরফ থেকে যে চিঠিটি বিধানসভার সবিচালয়ে দেওয়া হয়েছে সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। স্পিকারের অভিযোগ, যেহেতু অভিষেক তৃণমূলের পরিষদীয় দলের কেউ নন, তাই তাঁর চিঠি কোনও ভাবে গ্রহণ করা যাবে না। এর বদলে পরিশোধীয় দলের সদস্যদের স্বাক্ষর করা চিঠি দেওয়ার কথা জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তারপর দলের তরফ থেকে আরও একটি চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন: চালু হল ‘যুবশক্তি’-র অফিসিয়াল পোর্টাল! করা যাচ্ছে আবেদনও?

কিন্তু সূত্রের খবর, সেই চিঠিতেও বেশ কিছু সমস্যা রয়েছে। যদিও তাও পর্যবেক্ষণের আওতায় রেখেছেন স্পিকার। এদিকে বিধানসভায় নজরুল জয়ন্তী উপলক্ষে আজ রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় মাল্যদান করতে এসেছিলেন। সেখানে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছু জানাননি। তাঁদের একটাই অভিযোগ, বিধানসভায় পর্যাপ্ত ঘরটুকু তাঁদের দেওয়া হচ্ছে না। এমনকি কুনাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিধায়করাও এ নিয়ে সরব হয়েছেন। তবে স্পিকার তাঁর দাবিতে অনড়। সমস্ত সমস্যার সমাধান করেই বিধানসভার সবিচালয়ের ঘর বিরোধী দলের হাতে তুলে দেওয়া হবে।