আগস্টেই পেশ হবে UCC বিল! ৯ সদস্যের কমিটি গঠন করল শুভেন্দুর সরকার

Published:

UCC Bill

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোডের খসড়া বিল (UCC Bill) পর্যালোচনার জন্য এবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি ৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসেই বিধানসভার অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে। কিন্তু প্রস্তাবিত আইনে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দেওয়ার বিষয়টিকে বিবেচনায় রাখা হচ্ছে বলে খবর।

কী এই ইউনিফর্ম সিভিল কোড?

জানিয়ে দিই, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি-র মূল উদ্দেশ্য হল ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি আইন কার্যকর করা। এই আইনের আওতায় সাধারণত যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল—বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার, দত্তক গ্রহণের নিয়ম এবং ভরণপোষণ বা খোরপোশ সংক্রান্ত বিভিন্ন রকম বিধান। এই ব্যবস্থার লক্ষ্য হল ব্যক্তিগত আইনগুলিকে একটি অভিন্ন আইন কাঠামোর আওতায় নিয়ে আসা, এবং সকল নাগরিকদের জন্য সমান আইন প্রয়োগ করা।

তবে রাজ্য সরকার চাইছে, প্রস্তাবিত বিলটি আইন এবং সাংবিধানিক দিক থেকে বিস্তারিতভাবে পরীক্ষা করা হোক। সেই কারণে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খসড়া বিলের বিভিন্ন দিক পর্যালোচনা করেই সরকারের কাছে সুপারিশ জমা দেবে বলে জানানো হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী খবর, কমিটির পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন করা হলে আগামী আগস্ট মাসে বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হতে পারে। আর বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করার পর আরও এগিয়ে যাবে।

কারা রয়েছেন কমিটিতে?

রাজ্য সরকারের তরফ থেকে যে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেখানে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন-

  • অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই: চেয়ারপার্সন
  • মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়: সদস্য
  • আইএএস দুষ্যন্ত নারাইয়ালা: সদস্য
  • অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং: সদস্য ও সিনিয়র উপদেষ্টা
  • আইএএস, মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী সংঘমিত্র ঘোষ: সদস্য-আহ্বায়ক
  • অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. রত্না ভট্টাচার্য: সদস্য
  • গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র: সদস্য
  • কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক: সদস্য
  • প্রাক্তন কার্যনির্বাহী পরিচালক, প্রাক্তন জাতীয় যুগ্ম প্রকল্প সমন্বয়কারী এবং প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল্য ভট্টাচার্য: সদস্য

Image

আরও পড়ুন: আলিপুরদুয়ারে অন্নপূর্ণার টাকা তুলতে যাওয়া মহিলার অ্যাকাউন্টে ৭৪০ কোটি! কোথা থেকে এল?

যদিও বিজেপি সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে এসে জানিয়েছিলেন যে ক্ষমতায় এলেই এই বিল চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, বিলটি বিধানসভায় চালু হলে তা নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সমর্থকদের মতে, ইউসিসি কার্যকর হলে দেশের সমস্ত নাগরিকদের জন্য সমান আইন কার্যকর হবে। আবার অন্যদিকে বিরোধীদের একাংশের আশঙ্কা, এর ফলে বিভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক ব্যক্তিগত আইনের উপর প্রভাব পড়তে পারে।