আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজো (Durga Puja) নিয়ে কোনও ফতোয়া বা নিষেধাজ্ঞা জারি করেনি বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। থিম বাছাই থেকে শুরু করে পুজোর মণ্ডপের আশপাশে আমিষ খাওয়া, কোনও ক্ষেত্রেই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা হয়নি বলে স্পষ্ট জানাল সংগঠনটি। কলকাতার কনভেনার অমিয় সরকার দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় ‘পুজো পরিবার’ নামের একটি সংগঠনের পোস্ট এবং তা ঘিরে প্রকাশিত হওয়া কিছু খবর অত্যন্ত বিভ্রান্তিকর। পুজো কমিটিগুলিকে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বরং কয়েকটি অনুরোধই করা হয়েছে বলে তাঁর দাবি।
থিমে অবাধ স্বাধীনতা, আবেদন শুধু ঐতিহ্য রক্ষার
VHP-র বক্তব্য অনুযায়ী, পুজো কমিটিগুলি নিজেদের পছন্দমতো যে কোনও থিম বেছে নিতে পারে। তবে অপ্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা বা মা দুর্গার প্রতিমায় বিকৃতি না করার অনুরোধ জানানো হয়েছে। সনাতনী ঐতিহ্য বজায় রাখার কথা মাথায় রেখেই মণ্ডপসজ্জায় জুতো বা ছেঁড়া কাপড় ব্যবহার না করার আবেদন করা হয়েছে। একইসঙ্গে চক্ষুদান বা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধনেও সংগঠনের আপত্তি নেই। প্রতিপদে পুজো শুরু করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতাও নেই বলে জানানো হয়েছে।
আমিষ খাবার নিয়েও একইভাবে ‘নিষেধাজ্ঞা’র কথা অস্বীকার করেছে VHP। অমিয় সরকারের বক্তব্য, পুজো প্যান্ডেলের আশপাশে আমিষ খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। শুধু মণ্ডপের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। তবে অষ্টমীর ভোগে গোমাংস কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি কুমোরটুলিতে প্রতিমা সম্পূর্ণ হওয়ার আগে ছবি না তোলার অনুরোধও করা হয়েছে সংগঠনের তরফে।
আরও পড়ুন: গাড়িতে ওটা কে? ট্রাকে লাগানো গরুর ছবিকে মা ভেবে ছোট্ট বাছুরের আর্তির ভিডিও ভাইরাল
অন্যদিকে, মণ্ডপে সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখার প্রসঙ্গে ‘যেখানে সম্ভব’ কথাটির উপর জোর দেওয়া হয়েছে। তবে পুজো প্যান্ডেলে আজান দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে সনাতনী সংস্কৃতি লঙ্ঘন করলে পুজো বন্ধ করে দেওয়ার কোনও হুমকি VHP দেয়নি বলেও সাফ করেছেন অমিয় সরকার।









