স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি শিক্ষা সংসদের, এরা পাবে ছাড়

Published:

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আজকাল সকলে এতটাই বুঁদ হয়ে গিয়েছে যে বাচ্চা থেকে বুড়োর সকলের হাতেই এখন স্মার্ট ফোন থাকে। এমনকি আজকাল স্কুলেও অনেকে মোবাইল (Mobile Phone Use in School) নিয়ে আসে। ভাইরাল হওয়ার আশায় ‘রিল’ ও বানায় সেখানে। কিন্তু এবার সরকারি বা সরকারপোষিত স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে মিলবে ছাড়, প্রকাশ্যে এল সেই বিজ্ঞপ্তি।

মোবাইল নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি শিক্ষা সংসদের, এদের জন্য ছাড়

সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারি বা সরকারপোষিত স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। স্পষ্ট জানানো হয়েছে, স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি স্কুল প্রধানের বিশেষ অনুমতি ছাড়া স্কুল চলাকালীন মোবাইল আনাও নিষিদ্ধ করা হচ্ছে। তবে দূরপাল্লার যাতায়াত বা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে যদি মোবাইল আনতেই হয়, তখন স্কুল চলাকালীন ফোনটি সায়লেন্ট রাখতে হবে। এবং স্কুল চলাকালীন তা ব্যবহার করা যাবে না।

WBCHSE

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ৪ দিন কাজ, বাতিল ১৬টি ট্রেন, কবে থেকে? বিজ্ঞপ্তি পূর্ব রেলের

শিক্ষকদের কাউন্সেলিং করানোর নির্দেশ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শিক্ষক-শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের দায়িত্বশীল ও নৈতিক ডিজিটাল ব্যবহার সম্পর্কে সচেতন করারও নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের এই ডিজিটাল ডিভাইসগুলি নিরাপদে জমা রাখার ব্যবস্থা করতে পারে। এছাড়াও ডিজিটাল ডিভাইসের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার শেখাতে ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও পড়াশোনায় মনোযোগ বজায় রাখার গুরুত্ব নিয়েও সচেতনতা শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ

প্রসঙ্গত, বর্তমানে মোবাইলের প্রতি আসক্তি এতটাই বেড়ে গিয়েছে যে, নিয়ম না থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা অপ্রয়োজনে স্কুলে ফোন নিয়ে আসে। এমনকি স্কুলের মধ্যেই ‘রিল’ বানেতে দেখা যায় বলেও অভিযোগ, যা শিক্ষা সংস্কৃতিতে অত্যন্ত লজ্জার। আগের সময় কোনও পড়ুয়া স্কুলের মধ্যে মোবাইল ফোন-সহ ধরা পড়লে শিক্ষকদের থেকে মিলত উপযুক্ত শাস্তি বা অভিভাবকদের ডাকা হত স্কুলে। কিন্তু এখন সব নিয়ম শিথিল হয়ে গিয়েছে। তাই শিক্ষা ব্যবস্থা শক্ত করে ধরে রাখতে কড়া পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।