আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর আগে রাজ্য সরকারের বিরাট ঘোষণা। সরকারি কর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে বড় সুখবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)-এর হার বেড়ে ৩৮ শতাংশ করা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য কর্মীরাই শুধুমাত্র এই সুবিধা পাবেন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতেই এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এর পাশাপাশি পুজোর আগে কর্মীদের আগাম বেতন দেওয়ার কথাও জানানো হয়েছে। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরসুমে একসঙ্গে বাড়তি টাকা হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু কর্মী।
১ অক্টোবর থেকেই কার্যকর নতুন হারে DA
সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধিত মূল বেতনের ৩৮ শতাংশ হারে DA কার্যকর হবে ১ অক্টোবর থেকে। অর্থাৎ অক্টোবর মাস থেকেই বেতনের সঙ্গে এই বর্ধিত মহার্ঘ ভাতার হিসাব যুক্ত হবে। শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার নির্দিষ্ট কর্মীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।
পুজোর ছুটির আগেই মিলতে পারে টাকা
অক্টোবরের শুরুতেই ডিএ কার্যকর হলেও টাকা পাওয়ার সময় নিয়ে কর্মীদের মধ্যে স্বাভাবিক ভাবেই প্রশ্ন রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর আগে আগাম বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। সেই হিসেবে পুজোর ছুটি শুরুর আগেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ অক্টোবরের বেতন এবং DA দুইয়ের সুবিধাই উৎসবের আগে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রতি মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়ার নিয়ম থাকলেও পুজোর কারণে এবার আগাম টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: রাতারাতি শুকিয়ে গেল আর্জেন্টিনার বিশাল সমুদ্র? জানুন ভাইরাল ভিডিওর আসল সত্যি
শিক্ষক-শিক্ষিকারাও পাবেন একই সুবিধা
সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। এমনকি তাঁদের ক্ষেত্রেও পুজোর আগে বেতন পাওয়ার ব্যবস্থা থাকবে। ফলে অক্টোবর মাসের বেতন এবং নতুন হারে প্রাপ্য ডিএ মিলিয়ে উৎসবের আগে বাড়তি আর্থিক সুবিধা পাবেন তাঁরা।









