জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা বিকাশ ভবনের

Published:

Census 2027 Bikash Bhavan

সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল বিকাশ ভবন (Bikash Bhavan)। সরকারি কর্মীদের বদলির বিষয়ে জারি করা হল বিজ্ঞপ্তি। যে সকল সরকারি কর্মী, অধিকারিক, শিক্ষকরা জনগণনার (Census 2027) কাজ করছেন তাঁদের এখনই বদলি করা হবে না বলে জানাল বিকাশ ভবন। আপনিও কি একজন শিক্ষক বা শিক্ষা কর্মী? জনগণনার কাজে নিযুক্ত? বদলির আবেদন করেছেন? তাহলে চলুন জেনে নেবেন সরকার কী ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তি জারি সরকারের

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতরের (School Education Department of West Bengal) ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নির্দেশিকা অনুযায়ী, সেনসাসের কাজে বর্তমানে নিযুক্ত আধিকারিক ও কর্মীদের প্রথম দফার জনগণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, বদলি বা দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের অধীন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এই প্রসঙ্গে একজন লিখেছেন, ‘আর যারা নিযুক্ত নেই, উৎশ্রী পোর্টালে আবেদন করে রেখেছেন তাদের ট্রান্সফার হবে?’

এর আগে রাজ্য শিক্ষা দফতরের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, স্কুলের কাজ সেরে জনগণনার কাজ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। সেই নিয়ে একদিন আগেই রাজ্যের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। যদিও বিতর্ক শুরু হতেই নির্দেশ প্রত্যাহার করে নেই রাজ্য শিক্ষা দফতর। নয়া বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করতে হবে। সেনসাস কর্তৃপক্ষ যা বলবেন, সেই মতোই কাজ হবে বলে জানানো হবে।

আরও পড়ুনঃ “ইনি আমার মা” পশুর চারা বিক্রি করে ডাক্তারি পড়ানো জননীকে শ্রদ্ধাজ্ঞাপন ছেলের

১৬ আগস্ট থেকে শুরু হয়েছে কাজ

উল্লেখ্য, ১৬ অগাস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হয়েছে। কিন্তু জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ তুলছিলেন যে, তাঁদের ‘অন ডিউটি’ দেওয়া হচ্ছে না। কারণ গত ৩ অগাস্ট যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের শিক্ষা দফতর, তাতে বলা হয়েছিল, স্কুল সেরে তার পর আবার জনগণনার কাজ করতে হবে। শেষ পর্যন্ত আর একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগের নির্দেশ প্রত্যাহার করে বলা হয়েছে, সেনসাস কর্তৃপক্ষের কথানুসারেই কাজ হবে।