বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা মিলবে একসাথে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসতেই বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে চালু হয় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), যেখানে ১৫০০ টাকার বদলে মহিলারা পাচ্ছেন ৩০০০ করে। তৃণমূল সরকার যেখানে বার্ধক্য ও বিধবা ভাতায় ১০০০ টাকা করে দিত, সেখানে এখন মিলছে ১৫০০ করে। আজ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বর্ধিত হারে ভাতার শুভ সূচনা করেছেন। তবে বিধবা ভাতা পেলে কি সেই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন? এ বিষয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধবা ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনা?

বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে সাধারণত মহিলাদের বয়স হতে হয় ৬০ বছরের কম। তবে অন্নপূর্ণা যোজনার জন্যও বয়স চাওয়া হয়েছে ২৫ থেকে ৬০ বছর। তবে সেক্ষেত্রে এই দুটি ভাতা একসঙ্গে মিললে মহিলারা হাতে পাবেন মাসে ৪৫০০ হাজার টাকা। এমনকি এতদিন এই দুটি প্রকল্পের টাকা একসঙ্গেই পেয়ে এসেছেন বিধবা মহিলারা। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প বা দিব্যাঙ্গ ভাতার সুবিধা পেলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে আজ এ নিয়ে বড় কথা শোনালেন।

এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, “যাঁরা বিধবা ভাতার ক্ষেত্রে ৫৯ বছরে নিচে, তাঁরা ১৫০০ টাকা করে বিধবা ভাতা না নিয়ে ৩০০০ টাকার অন্নপূর্ণা যোজনা নিন। আমরা সাহায্য করব। যাঁদের বয়স ৬০-র মধ্যে, তাঁরা নিজেদের নাম বিধবা ভাতা থেকে সরিয়ে অন্নপূর্ণা ভাতায় যুক্ত করুন। তাহলে মাসে ৩০০০ টাকা করে পাবেন। সেটা আপনাদের সুবিধা হবে।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট, এবার থেকে বিধবা ভাতা পেলে আর মিলবে না অন্নপূর্ণা যোজনা, বা অন্নপূর্ণা যোজনা নিলে মিলবে না বিধবা ভাতা। যদিও সরাসরি কিছু জানাননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: “যথেষ্ট হয়েছে, আমি ক্লান্ত” অভিষেকের বিরুদ্ধে মামলা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

পাশাপাশি বার্ধক্য এবং বিধবা ভাতার প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, “আগস্ট মাসে যে বৃদ্ধি ঘটেছে সেটাকে আজ ৭ তারিখ অ্যাকাউন্টে দিলাম। আগস্ট মাসের বেনিফিট হিসেবে ১৫০০ টাকা করে পাবেন। আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়। বিগত সরকারের শৃঙ্খলা না মানা এবং বিপুল পরিমাণ রাজস্ব চুরি হওয়ার কারণে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল এই রাজ্য। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় লাগবে।” যদিও আজ ৮২ লক্ষ ৫ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে বলেই খবর।