সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার গঠন করেই প্রথম প্রতিশ্রুতি হিসাবে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছিল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই জুন এবং জুলাই মাসে মহিলারা ৩০০০ টাকা করে পেয়েছেন। প্রথম মাসে ৫০ লক্ষ মতো মহিলা সুবিধা পেলেও জুলাই মাসে প্রায় ১ কোটি ১০ লক্ষ মহিলা ৩০০০ টাকা করে পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সমস্যা একটাই। বহু মহিলার আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার এ নিয়ে বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের আশ্বাস প্রদান করলেন। তিনি জানান, “ইতিমধ্যেই অনেক মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন। তবে বর্তমানে অনেকের আবেদন আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে। তাদের চিন্তার কারণ নেই। আগামী ৩০ আগস্টের মধ্যে যোগ্য প্রত্যেক মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। ভেরিফিকেশন চলছে রাজ্যে সরকারের তরফ থেকে। যারা স্বচ্ছ ভাবে পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন সুবিধা।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় নাম না থাকার কারণে প্রায় ২৮ লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে এই প্রকল্প থেকে। পাশাপাশি ২৬ লক্ষ মতো মহিলার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তবে বাতিলের কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। কিন্তু মহিলারা এ নিয়ে সরব হলে ফের রাজ্য সরকার ভেরিফিকেশনের ব্যবস্থা চালু করে। এমনকি মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যের বিধায়কদের ভেরিফিকেশন করানোর দায়িত্ব দিয়েছেন। তবে এবার তাঁর বক্তব্য থেকে স্পষ্ট উঠে এল, যারা টাকা পাওয়ার, তাদের নাম ৩০ আগস্টের মধ্যেই লিস্টে উঠে যাবে। আসলে অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই ভেরিফিকেশনের ব্যবস্থার রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: “এটা উত্তমকুমারের মূর্তি…?” মহানায়কের বিগ্রহ নিয়ে বিতর্কে রাজ্য সরকার
এদিকে পিএম কিষাণ নিয়ে বড় ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যও টাকা দিচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলেই যদি প্রকৃত চাষের জমি থাকে, তাহলে ৪০০০ টাকা করে দেওয়া হবে। এমনকি তার উপরের সিলিং-র জন্য একটি সিস্টেম তৈরি করা হয়েছে বলেও জানা যায় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। এছাড়া উত্তরবঙ্গ সফরে আরও একাধিক ঘোষণা করতে পারেন তিনি।










