DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় বার্তা

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ (Dearness allowance), সপ্তম বেতন পে কমিশন নিয়ে সরকারি কর্মীরা যেন দুইভাগে বিভক্তত হয়ে গিয়েছেন। কিছু সংখ্যক মানুষ বলছেন যে তাঁরা হতাশ, সরকারি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে। তো আবার কিছু সংখ্যক সরকারি কর্মী বলছেন যে তাঁরা এখনই হতাশ হচ্ছেন না, আশা আছে। এদিকে সরকারের ডিএ, সপ্তম বেতন পে কমিশন নিয়ে কিছু না বলা নিয়ে মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা DA আন্দোলনকারী ভাস্কর ঘোষ। তিনি এই বিষয়ে এখনও অবধি সরকারের ওপরেই খানিক ভরসা রাখছেন বলে মনে হচ্ছে।

DA নিয়ে কী বললেন ভাস্কর ঘোষ?

সোমবার রাজ্য মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ১৮ মে-র বৈঠকে রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিনের বেতন ব্যবধান কমানো। যদিও বকেয়া ডিএ নিয়ে কিছু বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। আর এই নিয়েই বহু সরকারি কর্মী নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। ডিএ নিয়ে এত দীর্ঘ আন্দোলন, সকলের কষ্ট তাহলে কি সবই জলে গেল? যদিও এখনই আস্থা হারাচ্ছেন না ভাস্কর ঘোষ। তিনি জানালেন, ‘ডিএ আন্দোলনের কোনও ফল হয়নি সেটা তো নয়। আমাদের দাবিকে স্বীকৃতি দিয়ে সরকার নিজেদের সংকল্পপত্রে সপ্তম বেতন পে কমিশনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল।’

আরও পড়ুনঃ চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল, কীভাবে আবেদন করবেন?

তিনি আরও জানান, ‘আমার যেটা মনে হয় ফিনান্সিয়্যাল অডিটের ব্যাপার চলছিল। সেটা এখনও অবধি শেষ হয়নি। পে কমিশন চালু হলে তাৎক্ষণিক কিন্তু কোনও আর্থিক বোঝা চাপে না সরকারের ঘাড়ে। সেই বিষয়টির ওপর নজর রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমার যেটা মনে হচ্ছে পরবর্তী বৈঠকে সরকার ডিএ-র বিষয়টি নিয়ে কিছু বলবেন এবং সেটি লাগু করার চেষ্টা করবে। তবে এও বলব সরকার কিন্তু কথা রাখেনি। যাইহোক, এখনও অবধি কর্মচারীদের নতুন সরকারের ওপর ভরসা আছে। ধৈর্য আছে। কিন্তু সেই ভরসা ও ধৈর্য যাতে হতাশায় বদলে যা যায় সেটা দেখার দায়িত্ব সরকারেরই। বিগত যে সরকার ছিল সেটার পতনের জন্য সরকারি কর্মচারীরা কী করেছিলেন সেটা এই সরকার দেখেছে। ফলে ভবিষ্যতে যদি আবারও এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা সরকারকে দেখতে হবে।’

কী মত মলয় মুখোপাধ্যায়ের?

এদিকে পঞ্চম বেতন পে কমিশন, ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে কোনওরকম মন্তব্য না করে সরকারকে তুলোধনা করেছেন কনফাডেরেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।ফেসবুকে একটি ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় জানালেন, ‘আমরা হতাশ। মারাত্মকভাবে হতাশ। যদি বলি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার কর্মচারীদের ভোট নিজের ঝুলিতে ভরেছে। সেটা তো ভুল বলা হবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ৪৫ দিনের মধ্যে DA এবং বেতন কমিশন লাগু করা হবে। আরে আমরা জানি, বেতন কমিশন ৪৫ দিনের মধ্যে লাগু হয় না। বেতন কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং লাগু হওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে।’