প্রীতি পোদ্দার, কলকাতা: মারাত্মক ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্রখর রোদে বাইরে বেরোনো রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে সকলের। জানা গিয়েছে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) এমনই থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা। এমতাবস্থায় তীব্র গরম আর হাঁসফাঁসানি অস্বস্তি থেকে মিলতে চলেছে স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে আজ বিকেলে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়।
আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরে সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে হয়ত নির্ধারিত সময়ের প্রায় ছ’দিন আগেই, অর্থাৎ ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। তবে বঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল বা সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকবে। পাশাপাশি এই দুই জেলায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই রোদের তেজ প্রখর থাকবে। তার সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনই তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও ভ্যাপসা গরম বেশ বাড়বে। অন্যদিকে বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
আরও পড়ুন: না ভাঙলে নামবে বুলডোজার! কালীঘাটে বেআইনি নির্মাণ, অভিষেকের মাকে নোটিশ KMC-র
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরমের দাপট বজায় থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে পরিস্থিতি আরও সক্রিয় হবে বলে পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।










